ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছবিতে প্রধানমন্ত্রীর যশোর সফর

ছবিতে প্রধানমন্ত্রীর যশোর সফর
×

বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১৯:৪১ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ | ১৯:৫১

সরকার গঠনের পর প্রথম যশোর সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সফরে খাল খনন কর্মসূচি, যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শা এলাকায় কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। তিনি সকাল ১১টা ৫৫ মিনিটে এ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে প্রধানমন্ত্রী ১১ টা ৪২ মিনিটে খাল খনন স্থলে আসেন। এসেই খালের উপরের অংশে নির্মিত উদ্বোধন ফলক উন্মোচন করেন। এ সময় প্রধানমন্ত্রী আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন।

এরপর আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে পাঁচশ’ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার দুপুরে শহরের চাচড়া এলাকার হরিণার বিলে হাসপাতালের এই ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

উপমহাদেশের প্রাচীনতম জ্ঞানপীঠ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি ও ঐতিহাসিক গ্রন্থরাজির সান্নিধ্যে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৩টার দিকে তিনি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত এই গণপাঠাগারটি পরিদর্শনে আসেন।

প্রধানমন্ত্রী লাইব্রেরিতে পৌঁছালে সেখানে উপস্থিত প্রাজ্ঞজন, গবেষক ও যশোর ইনস্টিটিউটের কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী প্রথমেই লাইব্রেরির দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি শাখাটি ঘুরে দেখেন। এ সময় তিনি তুলট কাগজ ও তালপাতায় হাতে লেখা মহাকবি কালিদাসের পুঁথি, প্রাচীন রামায়ণ, মহাভারত এবং চাণক্যের কালজয়ী সৃষ্টিগুলো গভীর মনোযোগ দিয়ে প্রত্যক্ষ করেন। প্রায় পৌনে দুইশ’ বছরের প্রাচীন এসব অমূল্য সম্পদ দেখে প্রধানমন্ত্রী মুগ্ধতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাজ্ঞজনদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি লাইব্রেরির ঐতিহাসিক গুরুত্ব ও বর্তমান অবস্থা সম্পর্কে তাদের কাছ থেকে খুঁটিনাটি তথ্য জেনে নেন।

এরপর বিকেল ৫টায় যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদের দোসর বলে, তারাই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে। যারা স্বৈরাচারের সঙ্গে ঢাকার বাইরে মিটিং করে তারা জনগণের জন্য কখনো কাজ করে না। যারা ৭১, ২০০৮ সালে মানুষকে বিভ্রান্ত করেছে, তারা ২০২৬ সালেও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। 

আরও পড়ুন

×