ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে রিট 

প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে রিট 
×

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ১৮:৩২

প্রধানমন্ত্রীর জন্য একটি বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। 

রিটে মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্ত সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, জাতীয় সংসদ সচিবালয় সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল জানান, আগামী রোববার হাইকোর্টের মূলভবনের ২৩ নম্বর বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হবে।  

আবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের পর গণভবনের আগের সরকারি বাসভবনটিকে একটি পাবলিক জাদুঘরে রূপান্তরিত করা হয়। পরে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের জন্য একটি নিরাপদ ও উপযুক্ত সরকারি বাসভবন নির্ধারণ, নির্মাণ বা সংস্কারের কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এখন প্রধানমন্ত্রীর সরকারি কোনো বাসভবন নেই। 

প্রধানমন্ত্রীর জন্য পর্যাপ্ত নিরাপত্তা, মর্যাদা এবং যথাযথ আবাসিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা ‘জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়’ হিসেবে বর্ণনা করে রিটে বলা হয়, সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী একটি নিরাপদ এবং সরকারিভাবে নির্ধারিত বাসভবন পাওয়ার অধিকারী।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা, সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরে রিট আবেদনে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর জন্য একটি নিরাপদ সরকারি বাসভবন নির্মাণ বা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে স্পষ্ট নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতা নাগরিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে এবং প্রশাসনিক দায়িত্ব এবং জাতীয় নিরাপত্তা বিবেচনা সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে।’
 

আরও পড়ুন

×