ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ায় চাপে পড়ল রিসাইকেল পাদুকা শিল্প

ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ায় চাপে পড়ল রিসাইকেল পাদুকা শিল্প
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৫:৩৮ | আপডেট: ০৩ মে ২০২৬ | ১৬:০০

ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ায় চাপে পড়েছে রিসাইকেল পাদুকা শিল্প। বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির দাবি, তাদের আওতাধীন ৫৫০টির বেশি কারখানার মধ্যে প্রায় অর্ধেকই ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে অথবা বন্ধ হওয়ার পথে। 

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সহ-সভাপতি আশরাফ উদ্দিন এ দাবি করেন। 

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে স্বল্পমূল্যের রিসাইকেল পাদুকায় ভ্যাট অব্যাহতি ছিল। হঠাৎ করে সেই সুবিধা তুলে নেওয়ায় শিল্পটি চরম চাপে পড়েছে।”

সমিতির তথ্য অনুযায়ী, ২০১৬ সাল থেকে চলতি বছরের ৮ জানুয়ারি পর্যন্ত ১৫০ টাকা বা তার নিচের হাওয়াই চপ্পল ও রিসাইকেল জুতায় ভ্যাট ছাড় ছিল। তবে ৯ জানুয়ারি থেকে এই সুবিধা বাতিল করা হয়। 

বর্তমান বাজার পরিস্থিতিতে ১৫০ টাকার সীমা পুনর্বিবেচনার দাবিও জানান তারা।

আশরাফ উদ্দিন বলেন, ডলারের মূল্যবৃদ্ধি ও ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে উৎপাদন খরচ বেড়েছে। যদিও এসব পণ্য রিসাইকেল উপকরণ দিয়ে তৈরি, তবুও কিছু কাঁচামাল আমদানি করতে হয়। ফলে ব্যয় কয়েকগুণ বেড়ে গেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, এই শিল্পের প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে ছোট হওয়ায় অধিকাংশ প্রতিষ্ঠানে মালিক নিজেই ব্যবস্থাপনা থেকে হিসাবরক্ষণ পর্যন্ত সব কাজ করেন। ভ্যাট ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় জনবল বা দক্ষতা না থাকায় অনেক উদ্যোক্তা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন। 

ভ্যাট আরোপের ফলে পণ্যের দামও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। উদাহরণ দিয়ে বলেন, “১০০ টাকার জুতায় ভ্যাট যুক্ত হলে তা ১১৫ টাকায় পৌঁছাবে, যা নিম্নআয়ের মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।” 

সমিতির পক্ষ থেকে সরকারের কাছে ১৫০ টাকা পর্যন্ত রিসাইকেল পাদুকায় ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি জানানো হয়েছে। তাদের মতে, এতে লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থান টিকে থাকবে এবং পরিবেশবান্ধব এই শিল্পও রক্ষা পাবে। পাশাপাশি, উচ্চমূল্যের পণ্যে ভ্যাট থেকে সরকারের রাজস্ব আয় অব্যাহত থাকায় নিম্নমূল্যের পণ্যে ছাড় দিলে সামগ্রিক রাজস্বে বড় প্রভাব পড়বে না দাবি করেন তারা। 

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি হাজী ফজলু, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি শাখাওয়াত এবং লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট এনামুল হক সুমনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×