ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হলি আর্টিসান হামলা: আট আসামির ফাঁসি চায় রাষ্ট্রপক্ষ

হলি আর্টিসান হামলা: আট আসামির ফাঁসি চায় রাষ্ট্রপক্ষ
×

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৯:১০

রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলা মামলায় আট আসামির সর্বোচ্চ সাজা ফাঁসি (মৃত্যুদণ্ড) চেয়েছে রাষ্ট্রপক্ষ। 

বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে প্রসিকিউটর গোলাম সারওয়ার খান যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দাবি জানান।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে আসামিপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। কিন্তু এদিন তা শেষ না হওয়ায় আদালত আগামী ১৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

গত ৩০ অক্টোবর আত্মপক্ষ শুনানিতে আট আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। এর আগে মামলাটিতে চার্জশিটভুক্ত ২১১ সাক্ষীর মধ্যে ১১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে জঙ্গিরা হামলা চালায়। তারা অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। ওই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। পরে পুলিশ ১৮ বিদেশিসহ ২০ জনের মরদেহ উদ্ধার করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক রেস্তোরাঁকর্মী। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ। ২০১৮ সালের ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ভয়াবহ জঙ্গি হামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

আরও পড়ুন

×