বাণিজ্য চুক্তিকে সম্পর্ক উন্নয়ন হিসেবে দেখছে সরকার
রাশেদ আল মাহমুদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০৭:৫৫
| প্রিন্ট সংস্করণ
দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তির আওতায় আলোচনার মাধ্যমে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়ন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি বাংলাদেশের স্বার্থকে আরও এগিয়ে নিতে চাই।’
গতকাল বুধবার সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি দল গত সোমবার ঢাকায় এসেছে। মঙ্গলবার সকালে তারা বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে প্রথম বৈঠক করে। আজ বৃহস্পতিবার পর্যন্ত প্রতিনিধিদের ঢাকায় থাকার কথা।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা কিনা? জবাবে তিনি বলেন, ‘চুক্তিতে কিছু বিষয় থাকে। এগুলোকে আমরা দেখছি দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয় হিসেবে। আমরা চাই যে, সম্পর্ক আরও উচ্চতায় যাক। যে কোনো রাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিকভাবে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হলে সেগুলোকে সম্মান জানাতে হয়।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, চুক্তির মধ্যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে। সেই কনসালটেশন ও তার মেকানিজম বাড়িয়ে দেশের স্বার্থকে আমরা আরও এগিয়ে নিতে চাই। যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার। আমরা চাই এটি আরও বাংলাদেশি পণ্যের বাজার হোক।
বৈঠক প্রসঙ্গে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আমরা অনেক পণ্য নিয়ে কথা বলেছি। নির্দিষ্ট করে বললে ওষুধ।
- বিষয় :
- বাণিজ্য চুক্তি
