ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ফেরিতে তিতাসের মৃত্যু: প্রতিবেদনের ওপর শুনানি ১৪ নভেম্বর

ফেরিতে তিতাসের মৃত্যু: প্রতিবেদনের ওপর শুনানি ১৪ নভেম্বর
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৯:১৪ | আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ | ০৯:৪৮

মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটে ফেরিতে অ্যাম্বুলেন্সে শিক্ষার্থী তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় দাখিল করা একাধিক প্রতিবেদনের ওপর আগামী ১৪ নভেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। এ ঘটনায় তদন্ত প্রতিবেদন উপস্থাপনের পর বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। দুই বিবাদীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও এএম আমিন উদ্দিন।

এর আগের দিন বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেওয়া হয়।

ওই প্রতিবেদনে ঘটনার জন্য সরাসরি যুগ্ম সচিবকে দায়ী না করা হলেও ফেরি অপেক্ষমাণ রাখায় এ ক্ষেত্রে তারও দায়বদ্ধতা রয়েছে বলে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৩ অক্টোবর তিতাসের মৃত্যুর ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন রাষ্ট্রপক্ষ আদালতে দাখিল করে। ওই প্রতিবেদনে দেরিতে ফেরি ছাড়ার জন্য দায়িত্বরত ফেরিঘাটের তিন কর্মকর্তা-কর্মচারীকে দায়ী করেছে কমিটি। তদন্ত কমিটি সরকারের যুগ্ম সচিব আব্দুস সবুর মণ্ডল ও জেলা প্রশাসক মো. ওয়হিদুর ইসলামের বিরুদ্ধে কোনো দোষ খুঁজে পায়নি।

গত ৩১ জুলাই মাদারীপুরের কাঁঠালবাড়ী ফেরিঘাটে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত সচিবের নিচে নয়, এমন পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তার নেতৃত্বে তদন্ত করার নির্দেশ দেন হাইকোর্ট। জনপ্রশাসন সচিবের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তিতাসের পরিবারকে কেন তিন কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। আদালতে জনস্বার্থে রিটটি দায়ের করেন মানবাধিকার সংগঠন লিগ্যাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইটসের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জহির উদ্দিন লিমন।


আরও পড়ুন

×