ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

এমপি বাদলের মৃত্যুতে অধিবেশন মুলতবি, সংসদ চলবে ১৪ নভেম্বর পর্যন্ত

এমপি বাদলের মৃত্যুতে অধিবেশন মুলতবি, সংসদ চলবে ১৪ নভেম্বর পর্যন্ত
×

ছবি: ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ১০:৩০

চট্টগ্রাম-৮ আসনের এমপি ও জাসদ একাংশের নেতা মইনউদ্দীন খান বাদলের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন মুলতবি করা হয়েছে। শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়। পরে বিকেল সোয়া ৪টায় সংসদের প্রথম দিনের বৈঠক শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেন।

পরে স্পিকার বাংলাদেশ জাসদের নেতা একাদশ সংসদের সদস্য মইনউদ্দীন খান বাদল, সাবেক মন্ত্রী ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক উপমন্ত্রী হুমায়ুন কবীর, সাবেক এমপি কফিল সোনার এবং সংসদ সচিবালয়ের কর্মচারী নুরভানুর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন।

এ ছাড়া ভাষাসংগ্রামী এম রফিকুল বারী, মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন, বৌদ্ধধর্মীয় নেতা একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরো, ভাষাসংগ্রামী মুহাম্মদ মুসা, চিত্রশিল্পী কালিদাস কর্মকার, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা মকবুল আহমেদ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর মা চ য়ই মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণেও শোক প্রকাশ করা হয়।

অধিবেশন শুরুর পর সংসদ সদস্যরা মইনউদ্দীন খান বাদলের জীবনের ওপর আলোচনা করেন। পরে অধিবেশ মুলতবি করা হয়।

আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী মইনউদ্দীন খান বাদলের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, মইনউদ্দীন খান বাদল ছাত্র রাজনীতিতে সক্রিয় অংশ নিয়েছেন। মুক্তিযুদ্ধে তার অবদান রয়েছে। তিনি অসাম্প্রদায়িক চেতনা ও শান্তি-সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। সংসদে তিনি বলিষ্ঠ কণ্ঠে কথা বলতেন। তার ভাষণ সবার মনে দাগ কাটত।

শেখ হাসিনা বলেন, ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন। তবে স্বাধীনতার পর তিনি জাসদে যোগ দেন। তিনি আমাদের ঐক্যজোটের সঙ্গে সক্রিয় ছিলেন। রাজনৈতিক অঙ্গনে, রাজপথে ও সংসদে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আমি সবসময় তার অসুস্থতার খবর নিতাম। তার স্ত্রীর কাছ থেকে আমি মেসেজ পেতাম। আজকে যখন মৃত্যুর সংবাদ পেলাম, বড় ধাক্কা লাগে। ভাবতেই পারিনি তিনি এভাবে চলে যাবেন। তার মৃত্যু রাজনৈতিক অঙ্গনে বিরাট শূন্যতা সৃষ্টি করল। প্রধানমন্ত্রী জানান, মরদেহ দেশে নিয়ে আসার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, তার বক্তব্য মন দিয়ে শুনতাম। তার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল, অনেক কিছু জানার ছিল। তার মৃত্যুতে যে শূন্যতা দেখা দিল, তাতে মনে হয় না ওই আসনের পরবর্তী বিজয়ী সদস্য তা পূরণ করতে পারবেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, তিনি সংসদ সদস্য হিসেবে নিয়মিত অংশ নিয়ে সংসদ কার্যক্রম পরিচালনাসহ আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা দীর্ঘদিন একসঙ্গে সংগঠনের কাজ করেছি। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবিরোধী সংগ্রামে তার ভূমিকা রয়েছে।

শোক প্রস্তাবের পর অন্যদের মধ্যে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ নাসিম, ড. মহীউদ্দীন খান আলমগীর, আ স ম ফিরোজ, শাজাহান খান, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঁঙ্গা ও জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ বক্তব্য দেন।

অধিবেশন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত: এদিকে সংসদ অধিবেশন শুরুর আগে এর মেয়াদ নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসে কার্য-উপদেষ্টা কমিটি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলবে।


আরও পড়ুন

×