গাইবান্ধায় কুকুরের কামড়ে মৃত্যু
তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৩:৫৭
গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা তদন্ত করে জেলার সিভিল সার্জনকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
মৃত ব্যক্তিদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও কুকুরের আক্রমণে আহত হয়ে জলাতঙ্কগ্রস্থদের রাষ্ট্রীয় খরচে যথাযথ চিকিৎসার বিষয়ে নির্দেশনা চেয়ে গত ১৭ মে রিটটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. সাফিনুর ইসলাম। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, আদালত সরেজমিন তদন্ত করে সিভিল সার্জনকে প্রতিবেদন দিতে বলেছেন। তারা কেন মারা গেছেন, কী কারণে মারা গেছেন, কোনো গাফিলতি ছিল কি না-সবকিছু মিলিয়ে ৮ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জে বেওয়ারিস কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।
- বিষয় :
- গাইবান্ধা
