ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শঙ্কা নেই: ডিএমপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শঙ্কা নেই: ডিএমপি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ২৩:০০

কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন মো. নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ কথা জানান।

অস্ত্র, গুলি, মাদকসহ তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অতিরিক্ত কমিশনার বলেন, সারা বছরই বিভিন্ন কর্মসূচি থাকে। আমাদের সামনে বড় কর্মসূচি হচ্ছে ১০ মহররম বা আশুরা। পাশাপাশি ২৩ জুন একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক আছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট, টহল, বিশেষ অভিযানসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা অব্যাহত রয়েছে এবং থাকবে।

এর আগে বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এক চিঠিতে পুলিশের সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই চিঠিতে বলা হয়, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল হতে পারে। ফলে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাধা দিলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও ক্ষুব্ধ হতে পারে।

এদিকে বৃহস্পতিবারের পর শুক্রবার সকালেও রাজধানীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। সংগঠনের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে কাকরাইল এলাকায় মিছিল করে তারা।

পল্টন থানা পুলিশ বলছে, ঘটনাস্থল রমনা থানার আওতাধীন এলাকা। এ বিষয়ে জানতে রমনা থানার ওসি মুহাম্মদ রাহাৎ খানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

আরও পড়ুন

×