সৌদি আরব থেকে ফিরলেন আরও ১১৩ জন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ০৭:১৬
সৌদি আরব থেকে আরও ১১৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার রাতে সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে দেশে ফেরেন তারা।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, এ নিয়ে নভেম্বর মাসের প্রথম সাত দিনে মোট ৯৩০ জন ফিরলেন। এর মধ্যে ৫৩৪ বাংলাদেশিকে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, চলতি বছরের দশ মাসে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২০ হাজার ৬৯২ বাংলাদেশি। বরাবরের মতো বৃহস্পতিবারও ফেরত আসাদেরও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাবার-পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার ফেরাদের একজন কুষ্টিয়ার কামাল হোসেন জানান, সাত লাখ টাকা খরচ করে দেড় বছর আগে গিয়েছিলেন সৌদি আরবে। একটি দোকানে কাজও করতেন নিয়মিত। কাজ থেকে রুমে ফেরার সময় পুলিশ গ্রেফতার করলে কামাল ফোন দেন কফিলকে (নিয়োগকর্তা)। কিন্তু কফিল কোনো দায়িত্ব নেয়নি। ফলে তাকে ফিরতে হলো দেশে।
বাবুল, জহির, রেজাউলসহ আরও কয়েকজন যে কোম্পানিতে কাজ করতেন সে কোম্পানির পোশাক পরে ফিরেছের খালি পায়ে শূন্য হাতে। তারা জানান, যে নির্মাণ কোম্পানিতে কাজ করতেন সেখান থেকে কাজ শেষে কর্মস্থল থেকে রুমে ফেরার সময় রাস্তা থেকে পুলিশ ধরে তাদের। বৈধ আকামা থাকা সত্বেও তাদের ধরে কোম্পানির পরিহিত কাপড়ে দেশে পাঠিয়ে দেয়।
আরেকজন কিশোরগঞ্জের আহসান জানান, অভাবের সংসারে দিনমজুর বাবার স্বপ্ন ছিল ছেলে বিদেশে গিয়ে পরিবারের সচ্ছলতা আনবে। সেই স্বপ্ন নিয়ে মাত্র চার মাস আগে সৌদি গিয়েছিলেন। বৈধ আকামাও ছিলো। কিন্তু তাকে দেশে ফিরত হলো শূন্য হাতে।
একই রকম তথ্য জানান, বরিশালের শ্রাবন, কিশোরগঞ্জের জালাল, কুমিল্লার রনি, গাইবান্ধার মোস্তফা ও মুন্সিগঞ্জের হান্নানসহ আরও অনেকে।
ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ২১ হাজার বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে ফিরলেন ৯৩৪ জন। ফেরত আসাদের বর্ণনা প্রায় একইরকম। প্রায় সবাই খালি হাতে ফিরেছেন।
