কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় অটোচালক নিহত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০৮:১৭
| প্রিন্ট সংস্করণ
কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থক জখম এবং শৈলকুপা উপজেলায় খেলা দেখতে দেখতে হঠাৎ মৃত্যু হয়েছে এক আর্জেন্টিনা সমর্থকের। চট্টগ্রামে ট্রাকের পেছনে বাইকের ধাক্কায় নিহত হয়েছেন এনসিপি নেতা।
কুমিল্লায় অটোচালক নিহত
কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মো. শরিফুল ইসলাম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার ধনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম (৩২) নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীতে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ধনপুর এলাকার মহসিন মিয়ার দোকানে একদল দর্শক আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচ দেখছিলেন। সেখানে শরিফুলও ছিলেন। আরেক অটোচালক আবদুর রহিম বলেন, পেনাল্টিতে গোল করতে না পারায় মেসিকে নিয়ে কটূক্তি করেন শরিফুল। এ সময় আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত বাবু, মাইন উদ্দিন মালুসহ কয়েকজন ক্ষুব্ধ হয়ে শরিফুল ইসলামকে
মারধর করেন। আশপাশের মানুষ তাঁকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল বুধবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার সমকালকে বলেন, নিহত ব্যক্তি কোন ফুটবল টিমের সমর্থক ছিলেন, এটা দেখার বিষয় নয়। তাঁকে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা দিতে পরিবারকে বলা হয়েছে।
কালীগঞ্জে হামলায় ব্রাজিল সমর্থক জখম
ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে আর্জেন্টিনা ও মিসর দলের সমর্থকদের বিরোধের জেরে মামুন (২২) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।
তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চাঁচড়া গ্রামের দোকান মোড়ে ওই ঘটনা ঘটে। মামুন ওই এলাকার জাকারিয়া হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় লোকজন জানান, আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার খেলা চলার সময় দুই দলের সমর্থকদের মধ্যে কথা
কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারি শুরু হলে মামুন উভয় পক্ষকে বুঝিয়ে শান্ত করেন। কিন্তু মামুন নিজে ব্রাজিলের সমর্থক হওয়ায় আর্জেন্টিনার সমর্থকরা তাঁর ওপর ক্ষুব্ধ হন। খেলা শেষে খাবার কিনতে শহরে যাওয়ার সময় চাঁচড়া দোকান মোড়ে থাকা মোক্তার আলী, রিয়াদুল, নাইমসহ কয়েকজন মামুনের ওপর হামলা করেন। তাঁর চিৎকারে এলাকায় টহলে থাকা সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। মামুনের মাথায় ছয়টি সেলাই লেগেছে।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, খেলা দেখা নিয়ে বিরোধের জেরে হামলায় এক যুবক আহতের খবর তিনি জেনেছেন। পরিবার অভিযোগ দিলে দ্রুত ব্যবস্থা নেবেন।
শৈলকুপায় খেলা দেখতে দেখতে আর্জেন্টাইন সমর্থকের মৃত্যু
রসুল উদ্দিন (৫০) বিশ্বকাপে আর্জেন্টিনা দলের আবেগি সমর্থক। গত মঙ্গলবার রাতে অনেকের সঙ্গে গ্রামের বড় পর্দায় খেলা দেখছিলেন। খেলায় আর্জেন্টিনার পরাজয় নিশ্চিত মনে করে বাড়ি ফিরে যান। কিছুক্ষণের মধ্যে জানতে পারেন, প্রিয় দল ৩-২ গোলে জিতে যাচ্ছে। তখন তিনি আবার খেলা দেখতে ফিরে আসেন। এ সময় অন্য সমর্থকদের সঙ্গে নাচতে শুরু করেন। হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পৌর এলাকার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। রসুল উদ্দিন ওই গ্রামের খোকা বিশ্বাসের ছেলে।
রফিকুল ইসলাম নামে এক দর্শক বলেন, বাড়ির পাশেই অন্য সবার সঙ্গে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ বড় পর্দায় দেখছিলেন রসুল উদ্দিন। মিসর ২-০ গোলে এগিয়ে গেলে তিনি মন খারাপ করে খেলা দেখা ছেড়ে বাড়ি ফিরে যান। পরবর্তী সময় আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে গেলে তিনি আবারও বড় পর্দার খেলাস্থলে ছুটে আসেন এবং নাচতে থাকেন। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
চট্টগ্রামে ট্রাকের পেছনে বাইকের ধাক্কা, এনসিপি নেতা নিহত
বন্ধুদের সঙ্গে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-মিসরের খেলা দেখতে যাচ্ছিলেন এনসিপি নেতা ফায়াজ তাজরিয়ান (২৬)। মঙ্গলবার রাতে নগরীর অক্সিজেনের বাসা থেকে বাইকে করে কাজীর দেউড়ির দিকে রওনা দেন। শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যানের পেছনে বাইকটি ধাক্কা লাগে। আশপাশের মানুষ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল বুধবার গ্রামের বাড়ি হাটহাজারীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
ফায়াজ নগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তাঁর বাবা হাকিম উদ্দিন হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, রাত ১০টার দিকে বাইকে করে ফায়াজ তাজরিয়ান যখন খেলা দেখতে যাচ্ছিলেন, তখন বৃষ্টি হচ্ছিল। এ সময় বিদ্যুৎ না থাকায় ফ্লাইওভারের বাতিও বন্ধ ছিল। সামনে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে সেটির পেছনে ধাক্কা দেন।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন ব্যুরো এবং প্রতিনিধিরা)
- বিষয় :
- নিহত