ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আইনশৃঙ্খলা

কিশোরগঞ্জ ও নোয়াখালীতে দুই বিএনপি নেতা খুন

কিশোরগঞ্জ ও নোয়াখালীতে দুই বিএনপি নেতা খুন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ০৯:১৬ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ | ০৯:১৭

| প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জ ও নোয়াখালীতে গত বুধবার রাতে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। এ ছাড়াও নরসিংদীতে একজনকে পিটিয়ে হত্যা এবং বাগেরহাটে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। 
কিশোরগঞ্জের মিঠামইনে পদ স্থগিত উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাকৃতরা ভাড়াটে খুনি বলে জানিয়েছে পুলিশ।  

গ্ৰেপ্তাররা হলেন, বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্ৰামের মো. হেলাল (২৫), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্ৰামের মো. মহিন উদ্দিন (৩২) এবং একই উপজেলার মধ্যপাড়া গ্ৰামের মো. সাকিল হোসেন ওরফে শাহীন (২৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাড়ির সামনে মোটরসাইকেল থেকে নামতেই তিনজন ধারালো চাপাতি ও অন্যান্য অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে জাহাঙ্গীরকে। এ সময় বিএনপির আরেক কর্মী হাদিস মিয়া আহত হন। 

গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর ও হাদিস মিয়াকে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১১টা ৩০ মিনিটে জাহাঙ্গীরকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। 
মিঠামইন বেড়িবাঁধের সরকারি ২০টি মেহগনি গাছ কাটার মামলায় জাহাঙ্গীর অভিযুক্ত ছিলেন, দলের সব প্রকার সদস্য পদ মৃত্যুর দিন পর্যন্ত স্থগিত ছিল। 

নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা 
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
নিহত শহীদ উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন। এ ঘটনায় আটকরা হলেন, মো. আরশাদ ওরফে আকাশ (২৪), মো. সাজ্জাদ হোসেন আকাশ (১৯)।
গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের তেঁতুলতলা বাজার-সংলগ্ন এলাকায় মো. ফারুককে ছুরিকাঘাত করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত ২টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় তাঁর মৃত্যু হয়।
কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া জানান, মাদকসেবনের প্রতিবাদ করার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

নরসিংদীতে যুবককে পিটিয়ে হত্যা
নরসিংদীর রায়পুরায় নাসির মিয়া (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত নাসির মিয়া একই এলাকার ওসমান মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি বেকারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জঙ্গি শিবপুর বাজারে যান নাসির। সেখানে যাবার পর প্রথমে তাঁকে একটি গোডাউনে আটকে রাখা হয় এবং পরে বাজারের কিছু লোক একত্রিত হয়ে তাঁকে মারধর করে।  

আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত বলেন, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
রায়পুরা থানার ওসি মজিবুর রহমান জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে কিছু জানা যায়নি। 

বাগেরহাটে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
বাগেরহাটের শরণখোলায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার রাজৈর গ্রামের নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের নাম মো. কবির হোসেন ও তাঁর স্ত্রী হালিমা বেগম।
মো. কবির হোসেন একই গ্রামের আব্দুল মজিদের ছেলে। হালিমার বাড়িও একই এলাকায়। এই দম্পতির দুই শিশুসন্তান রয়েছে। মরদেহ উদ্ধারের সময় একটি চিঠি পেয়েছে পুলিশ। তাতে লেখা রয়েছে, তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তারা স্বেচ্ছায় পৃথিবী থেকে চলে যাচ্ছেন।  স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। হালিমা বেগমের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষয়টি এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। 
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা)

আরও পড়ুন

×