ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শিল্পকলায় ‘গানে গানে জুলাই’ সুরে সুরে গণঅভ্যুত্থানের স্মরণ

শিল্পকলায় ‘গানে গানে জুলাই’ সুরে সুরে গণঅভ্যুত্থানের স্মরণ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ০২:০৩

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত হলো ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশাত্মবোধক ও উদ্দীপনামূলক গানে স্মরণ করা হয় জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো মানুষদের।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন নিতাই রায় চৌধুরী। সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়া এবং আহত ব্যক্তিদের প্রতিও গভীর সমবেদনা জানান মন্ত্রী।

গানের আয়োজনে শুরুতেই সমবেত কণ্ঠে ‘ধনধান্য পুষ্পভরা’, ‘চল চল চল’ এবং ‘দুর্গম গিরি কান্তার-মরু’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা। এরপর ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ পরিবেশন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) শিক্ষার্থীরা। এ গানের পর সৃজনী সংগঠনের শিল্পীরা ‘মুক্তির মন্দির সোপান তলে’ গেয়ে শোনান।

সাংস্কৃতিক আয়োজনের একক সংগীত পর্বে ছিলেন সংগীতশিল্পী জাকির হোসেন আখের, মিতা মল্লিক, ফুয়াদ নাসের বাবু ও মমতাজ রহমান লাবনী। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘একি অপরূপ রূপে মা তোমার’ গানটি সম্মিলিত কণ্ঠে পরিবেশন করেন। দেশাত্মবোধক সুরের এই আবেশের মধ্যেই অনুষ্ঠানের শেষ পর্বে মঞ্চে আসেন সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীরা। ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গেয়ে শোনান তারা।

আরও পড়ুন

×