ঘূর্ণিঝড় বুলবুল: কয়েকটি ফ্লাইট বাতিল
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ | ০৩:০৬
ঘূর্ণিঝড় 'বুলবুল'-এর কারণে শনিবার দেশের অভ্যন্তরীণ কয়েকটি রুটে ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী দু'টি এবং ঢাকা থেকে যশোরগামী একটি ফ্লাইট রয়েছে।
এছাড়া শনিবার বিকেল থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪১৫ ও বিজি ৪১৬ বাতিল করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম থেকে দুবাইগামী বিমানের একটি ফ্লাইট ঢাকা থেকে ছাড়ার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে যশোরগামী নভোএয়ারের একটি ফ্লাইটও বাতিল করা হয়েছে। সন্ধ্যা ৬টায় ফ্লাইটটির ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।
চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-আলম সাংবাদিকদের জানান, শনিবার বিকেল ৪টার পর থেকে শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
এদিকে ঢাকা থেকে বরিশাল ও কক্সবাজারগামী ফ্লাইটও শনিবার বিকেল থেকে বন্ধ রাখা হবে বলে জানা গেছে।
- বিষয় :
- ফ্লাইট বাতিল
- ঘূর্ণিঝড় বুলবুল
