ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
×

প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ | ০৩:২৪ | আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ | ০৩:২৭

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের ১৩তম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা জানান। খবর বাসস ও ইউএনবির

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ঘূর্ণিঝড় মোকবেলা করতে এবং জনগণের সুরক্ষা দিতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের পরপরই ত্রাণ কার্যক্রম পরিচালনা করার প্রস্তুতিও সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।

ঘূর্ণিঝড়টি যাতে ব্যাপক ধ্বংসাত্মক না হয়ে ওঠে সেজন্য সকলকে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ১৩তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ সময় উপস্থিত ছিলেন। শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ দলীয় পতাকা উত্তোলন করেন।

ঋষিজ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরে শিল্পী ফকির আলমগীরের নেতৃত্বে একই শিল্পী গোষ্ঠীর শিল্পিরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এরপরই পবিত্র কোরআন সহ ধর্মগ্রন্থগুলো থেকে তেলাওয়াত শেষে আলোচনা পর্বের শুরুতে শোক প্রস্তাব পাঠ করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, মুক্তিযুদ্ধের সকল শহিদ, সকল আন্দোলনে শহিদদের স্মরণে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

আরও পড়ুন

×