সেমিনারে শিক্ষামন্ত্রী
বিভ্রান্তি নয়, সিদ্ধান্তের জন্য সরকারকে সময় দিন
এহছানুল হক মিলন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ০৮:১৫
| প্রিন্ট সংস্করণ
বিশ্ববিদ্যালয় অঙ্গনে ‘অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর’ তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলনে উস্কে দেওয়া কাম্য নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজিবিষয়ক জাতীয় সম্মেলনের এক সেশনে এবং পরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে আয়োজিত ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গঠনমূলক সমালোচনার পাশাপাশি ‘কথায় কথায় আন্দোলনে না গিয়ে’ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিতে আহ্বান জানান তিনি।
চূড়ান্ত হয়নি এমপিও নিয়োগ
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার আলোচনা ঘিরে সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি বৈঠকের রেজল্যুশনের অংশবিশেষ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। অথচ একই নথিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, মন্ত্রীর অনুমোদন ও প্রয়োজনীয় সংশোধনের পরই প্রজ্ঞাপন জারি হবে।’
ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘কোনো বিষয়ে প্রথমে মন্ত্রণালয়ের বৈঠকে আলোচনা হয়। এরপর রেজল্যুশন তৈরি হয়ে মন্ত্রীর কাছে আসে। মন্ত্রীর সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত কিংবা প্রজ্ঞাপন– সব ধাপ সম্পন্ন হওয়ার আগে কোনো আলোচনার নথিকে চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচনা করা ঠিক নয়।’
৯ হাজার শিক্ষকের দ্রুত নিয়োগ
এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে সরকার কাজ করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রায় ৭৭ হাজার শূন্যপদ পূরণের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে এবং রেজল্যুশনও হয়েছে।’ মন্ত্রী বলেন, ‘বর্তমানে প্রায় ৯ হাজার শিক্ষক দ্রুত নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য শূন্যপদ পূরণ করা হবে। শিক্ষক নিয়োগে কোনো ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না।’
শিক্ষক সংকটের চিত্র
শিক্ষক সংকটের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩৮ হাজার প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫০ হাজার শিক্ষক, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ১২ হাজার শিক্ষক এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭৭ হাজার শিক্ষক পদশূন্য রয়েছে। এসব সংকট গত কয়েক মাসে সৃষ্টি হয়নি; দীর্ঘদিন ধরে এ সমস্যা জমে আছে।’
বিতর্কের যে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নিজের একটি বক্তব্য পরে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী। তাঁর ভাষ্যে, একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন, এবার শিক্ষকরা ‘মন খুলে নম্বর’ দিতে পেরেছেন কিনা। জবাবে মন্ত্রী বলেছিলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, কিন্তু নম্বর দেওয়া যায় না।’
- বিষয় :
- শিক্ষামন্ত্রী