ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বিএমইউতে সেমিনার

ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির তাগিদ

ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির তাগিদ
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ২১:৪৪

দেশে আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর-ডিসেম্বরে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রোগীদের চিকিৎসাসেবা দিতে বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার বিএমইউর এ ব্লক অডিটোরিয়ামে ‘ডেঙ্গু ২০২৬: আপডেটস অন ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি যথেষ্ট নয়। রোগের প্রকোপ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি মানুষের মধ্যে প্রতিরোধমূলক আচরণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিএমইউ রোগীদের চিকিৎসাসেবা দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। তবে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা জরুরি।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর ক্ষেত্রে সঠিক সময়ে রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো রোগ শনাক্ত করা না গেলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। তাই দ্রুত রোগ নির্ণয়ের পাশাপাশি যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।

সেমিনারে ডেঙ্গুর পরিবর্তিত পরিস্থিতি, রোগের জটিলতা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ঝুঁকিপূর্ণ রোগী দ্রুত শনাক্ত করা, চিকিৎসার বিষয়ে সময়মতো সিদ্ধান্ত নেওয়া এবং হাসপাতাল পর্যায়ে সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সেমিনারে দুটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। বিএমইউর ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম রাশেদ উল ইসলাম ‘দ্য চেঞ্জিং ল্যান্ডস্কেপ অব ডেঙ্গু ইন বাংলাদেশ: সেরোটাইপ ডাইনামিক্স অ্যান্ড ডিজিজ সিভিয়ারিটি’ বিষয়ে আলোচনা করেন। ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুর্শেদ ‘আপডেটেড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছার সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×