ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টি হলেও কমবে না ভ্যাপসা গরম

নদীর পানি বাড়ছে, ডুবতে পারে নিম্নাঞ্চল

নদীর পানি বাড়ছে, ডুবতে পারে নিম্নাঞ্চল
×

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক। ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৮:৫৬ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ | ১১:৫৪

| প্রিন্ট সংস্করণ

দেশের বেশির ভাগ নদনদীর পানি বাড়লেও এখনও তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আজ রোববার হবিগঞ্জের খোয়াই নদীর পানি কিছু অংশে বেড়ে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভ্যাপসা গরম কমার সম্ভাবনা কম। গতকাল শনিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রোববার সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং এর কাছাকাছি উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে এসব অঞ্চলের কয়েকটি নদনদীর পানি বাড়তে পারে।

সিলেট বিভাগের নদনদীর পরিস্থিতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার উত্তর-পূর্বাঞ্চলের মনু, খোয়াই ও ধলাই নদীর পানি বেড়েছে। আজও এসব নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে সোমবার থেকে পানি কমতে পারে। আজ খোয়াই নদীর কয়েকটি পয়েন্টের পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবন দেখা দিতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানিও শনিবার বেড়েছে। অন্যদিকে সুরমা নদীর পানি কমেছে। আগামী দুদিন কুশিয়ারা ও সুরমার পানি বাড়তে পারে এবং তৃতীয় দিন তা স্থিতিশীল থাকতে পারে। ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় গতকাল পানি বেড়েছে। আজ তা আরও বাড়তে পারে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে পানি কমার পূর্বাভাস রয়েছে। এরপর চতুর্থ ও পঞ্চম দিনে পানি স্থিতিশীল থাকতে পারে। এ সময়ও ব্রহ্মপুত্র-যমুনার পানি বিপৎসীমার নিচে থাকবে। গঙ্গা নদীর পানিও গতকাল বেড়েছে। পদ্মা নদীর পানি ছিল স্থিতিশীল। আগামী পাঁচ দিন গঙ্গা ও পদ্মার পানি বাড়তে পারে। তবে এ সময়ও তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগের নদনদীর মধ্যে গোমতী, মুহুরী, সেলানিয়া ও ফেনীর পানি শনিবার কমেছে এবং সবকটি নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ রোববার এসব নদীর পানি বাড়তে পারে। তবে পরের দুই দিনে তা স্থিতিশীল হওয়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে দুই দফা নিম্নচাপের পর দেশে বৃষ্টির পরিমাণ কমে ভ্যাপসা গরম বেড়েছে। গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টি হলেও তাতে গরমের তীব্রতা খুব একটা কমেনি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। আগামীকালও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

বৃষ্টি হলেও ভ্যাপসা গরম খুব একটা কমার সম্ভাবনা নেই। ফলে একদিকে নদনদীর পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের আশঙ্কা থাকছে, অন্যদিকে বৃষ্টির পরও অস্বস্তিকর গরম অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন

×