দেশে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ২৩:২৬
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এজন্য কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।
রোববার রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজা মিলনায়তনে ‘অ্যা ন্যাশনাল ডায়ালগ অন টিবিইটি ফর অ্যা স্কিলড অ্যান্ড প্রোডাকটিভ বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রচলিত ও গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে এসে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ এবং মানোন্নয়নে সরকার কাজ করছে। বাংলাদেশের প্রবাসী কর্মীরা বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। বিদেশগামী কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা নিশ্চিত করে পাঠাতে পারলে তারা আরও বেশি আয় করতে পারবেন। তিনি বলেন, এজন্য কারিগরি শিক্ষায় আমাদের আরও বেশি গুরুত্ব দিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি মডেল কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য পৃথক একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ব্যবহারিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে আরও কার্যকর সমন্বয় প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. মো. তরিকুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্য দেন।
সংলাপে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি, দক্ষ জনশক্তি তৈরিতে বিদ্যমান চ্যালেঞ্জ এবং দেশের উৎপাদনশীলতা বাড়াতে কারিগরি শিক্ষা খাতকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
- বিষয় :
- শিক্ষামন্ত্রী