ঝড় শেষে আধা ঘণ্টার মধ্যেই বৈদ্যুতিক লাইন সারানোর নির্দেশ
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ | ০৯:১৮ | আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ | ০৯:৫৮
ঘূর্ণিঝড় 'বুলবুল' শেষের আধা ঘণ্টার মধ্যে দুর্গত এলাকার বৈদ্যুতিক লাইন সারানোর কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সব পল্লী বিদ্যুৎ সমিতি এবং ঠিকাদারদের কর্মীদের সার্বক্ষণিক প্রস্তুত থাকতে বলা হয়েছে।
শনিবার বিকেলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দিয়েছেন।
আরইবির কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড়ের কারণে কপবাজার, সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, বরগুনা, বাগেরহাটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ বিতরণ বন্ধ রাখা হয়েছে। বিকেলে আরইবি ২৩টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ বন্ধ রেখেছিল। পরিস্থিতি আরও খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবারহ বন্ধের আওতা বাড়তে পারে।
পরিস্থিতি মোকাবিলা নিয়ে বিদ্যুৎ বিভাগ এবং পিডিবির কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এ ছাড়া ন্যাশনাল লোড ডেসপাস সেন্টারে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন ব্যক্তিরা ঝড় মোকাবিলায় বৈঠক করেছেন। ঝড়ের সময় বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যাওয়ার কারণে একবারে চাহিদা কমে যায়। তখন বিদ্যুতের চাহিদা এবং উৎপাদনের মধ্যে সমন্বয় করা খুব গুরুত্বপূর্ণ।
এর আগে ২০০৮ সালে সিডরের সময় হুট করে বিদ্যুতের চাহিদা কমে গেলেও উৎপাদন বেশি হওয়ায় সারাদেশ একসঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালিদ মাহমুদ বলেন, আমাদের পূর্ণ প্রস্তুতি
রয়েছে। আমরা ইতোমধ্যে কন্ট্রোল রুম খুলেছি। সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে।
বুলবুল যেসব এলাকায় আঘাত হানতে পারে, সেখানে সবাইকে প্রস্তুত রাখা হয়েছে।
কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায়, সে বিষয়ে প্রস্তুতি নিয়েছে পিডিবি।
