ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী ও লালমনিরহাটে বিক্ষোভ

রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকরা

ভূরুঙ্গামারীতে কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার  নিয়ে গেলেন কৃষকরা
×

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে গতকাল সোমবার সকালে ডিলারের গুদামের বেড়া ও দরজা ভেঙে সার নিয়ে যান বিক্ষুব্ধ কৃষকরা -সমকাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩৯ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৪

| প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেছেন কৃষকরা। সারের দাবিতে রাজশাহীর পুঠিয়া ও লালমনিরহাটে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয়েছে। জয়পুরহাটে অনিয়মের অভিযোগে দুই ডিলারকে জরিমানা এবং মাগুরায় সার উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সার বিক্রি করতে দেরি হওয়ায় ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার নিয়ে গেছেন কৃষকরা। গতকাল সোমবার রৌমারী মহিলা কলেজপাড়া এলাকায় মেসার্স মিতা হাসান এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সার সংগ্রহের জন্য রোববার মধ্যরাত থেকে মেসার্স মিতা হাসান এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে জড়ো হতে থাকেন কৃষকরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও ডিলারের দেখা না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। গতকাল বেলা ১১টায়ও ডিলার সার বিতরণ শুরু না করায় গুদামের টিনের বেড়া ভেঙে সেখান থেকে সারের বস্তা নিয়ে যান কৃষকেরা।

ডিলার মতিয়ার রহমান বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সার বিতরণ শুরু করার কথা ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রশাসনের সহযোগিতা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যাওয়া হয়। এর মধ্যে ধৈর্যহারা কৃষকেরা গুদাম থেকে শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে যান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান বলেন, ‘আমি নিজে বিভিন্ন ডিলার পয়েন্টে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। একটি সার বিক্রয়কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পরে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’

পুঠিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 
রাজশাহীর পুঠিয়ায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা। গতকাল সোমবার ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কৃষকরা জানান, রোপা আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের উপযুক্ত সময় চলছে। কিন্তু তারা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছেন না। বিক্রেতারা কৃত্রিম সংকট তৈরি করে খোলাবাজারে দ্বিগুণ দামে সার বিক্রি করছেন।

নজরুল ইসলাম নামের এক কৃষক বলেন, সোমবার সকালে বানেশ্বর বাজারে সার বিক্রেতার দোকানের সামনে দীর্ঘ সময় লাইনে থেকেও তারা সার পাননি। পরে ক্ষুব্ধ কৃষকেরা বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন।

কৃষক রফিকুল ইসলাম বলেন, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পরও সার না পাওয়ায় কৃষকেরা বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ডিলাররা গোপনে খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে সার বিক্রি করছেন। খুচরা বিক্রেতারা সেই সার কয়েকগুণ বাড়িয়ে বিক্রি করছেন। 
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান অসাধু সার বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং দ্রুত নির্ধারিত দামে সার সরবরাহের আশ্বাস দিলে কৃষকেরা অবরোধ তুলে নেন। বেলা সাড়ে ১২টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সার বিক্রেতা এবং রাজশাহী জেলা বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি ওসমান আলী। 

সারের দাবিতে লালমনিরহাটে আবার সড়ক অবরোধ
লালমনিরহাটে পর্যাপ্ত সার সরবরাহ ও সিন্ডিকেট ভাঙার দাবিতে আবার মহাসড়ক অবরোধ করেন কৃষকরা। গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে যান। ‎পরে জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের আশ্বাসে প্রায় ঘণ্টাখানেক পর অবরোধ তুলে নিয়ে সড়ক ছেড়ে দেন কৃষকরা। 

আন্দোলনরত কৃষকরা অভিযোগ করেন, কাগজে-কলমে সারের কথা বলা হলেও কৃষক সার পাচ্ছেন না। আমনের ভরা মৌসুমে প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় তারা সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না।

লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। তারপরও ত্রাণমন্ত্রী ও স্থানীয় এমপি আসাদুল হাবিব দুলু জেলায় আরও সার বরাদ্দের আশ্বাস দিয়েছেন। কৃষকের ঘরে সার পৌঁছে যাবে বলে তিনি জানান।
এর আগে গত রোববার সকালে একই দাবিতে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন গোডাউনের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কৃষকরা।

ভুরুঙ্গামারীতে কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খোলা বাজারে সার বিক্রির দাবিতে সড়ক অবরোধ ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে অবরুদ্ধ করেন কৃষকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, গতকাল সোমবার পাটেশ্বরী ব্রিজ পাড় এলাকার বিএডিসি সার ডিলার আমজাদ হোসেন সার বিতরণ করেন। সার নিতে উপস্থিত হন বিপুলসংখ্যক কৃষক। এ সময় তারা খোলাবাজারে সার বিক্রির দাবি জানান। একপর্যায়ে উত্তেজিত কৃষকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল ও সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ ঘটনাস্থলে গিয়ে খোলাবাজারে সার বিক্রির প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়। 

জয়পুরহাটে দুই ডিলারের ২৫ হাজার টাকা জরিমানা
জয়পুরহাটের কালাই উপজেলায় দুই সার ডিলাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সার ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ গত রোববার জিন্দারপুর ইউনিয়নে দুটি সারের গোডাউন পরিদর্শনে গিয়ে এর সত্যতা পান। এ সময় ক্যাশমেমো ব্যবহার না করা, দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং রেজিস্টারে অসংগতি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স ভাই ভাই স্টোর অ্যান্ড ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুর রহমান আকন্দকে ১০ হাজার এবং মেসার্স সালাম ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুস সালামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুন-উর-রশিদ। 

মাগুরায় সার উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার বাজারে অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সার উদ্ধারের ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তারা হলেন–শাহিন জোয়ার্দ্দার ও নবাব জোয়ার্দ্দার। তাদের বাড়ি আমলসার গ্রামে। গত শনিবার রাতে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তা অভিযান চালিয়ে তিনটি স্থান থেকে এই সার জব্দ করেন। এ ঘটনায় মামলা হলে পুলিশ রোববার রাতে কোদলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে। গতকাল সোমবার পুলিশ সুপারের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন এই তথ্য জানান। (ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর)

 

আরও পড়ুন

×