তারিক সিদ্দিককে তলব দুদকের
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪৯
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর কাছে পাঠানো চিঠিতে আগামী ৭ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টায় তাঁকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।
দুদকের জনসংযোগ বিভাগ থেকে মঙ্গলবার এই তথ্য জানানো হয়। তারিক আহমেদ সিদ্দিকসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সম্প্রসারণ প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২৭ জানুয়ারি মামলা হয়।
এছাড়া সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তাঁর স্ত্রী শারমিন মুশতারীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন আদালতে পেশ করবে দুদক। মঙ্গলবার কমিশন আদালতে এই আবেদন পেশের সিদ্ধান্ত নিয়েছে।
একই সঙ্গে কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম ও তাঁর স্ত্রী শাহেদা বেগমের সম্পদের হিসাব চেয়ে তাদের কাছে আলাদাভাবে নোটিশ পাঠাবে দুদক। কমিশনের প্রাথমিক অনুসন্ধানে জাফর আলমের নামে ৮ কোটি টাকার ও শাহেদা বেগমের নামে ৩ কোটি ৪২ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে; যা তাদের বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।
- বিষয় :
- দুদক