ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে  আসতে তরুণদের প্রতি  আহ্বান রাষ্ট্রপতির
×

মির্জা ফখরুল ইসলাম

 বাসস

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০৮:৩৬

| প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।
দেশের জ্বালানি ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতায় তরুণ উদ্যোক্তাদের বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। ব্যবসা-বাণিজ্য প্রসারে ব্যাংক সুদের হার কমানোর ওপর জোর দেন তিনি। 
ডিসিসিআই আয়োজিত আসন্ন বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। 

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মর্যাদা নিশ্চিতে কাজের আহ্বান 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদকের নেতৃত্বে ৫২ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেন, পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে নিজেদের অধিকার ও উন্নয়নের জন্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকেও আরও উদ্যোগী হতে হবে। নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।
সৌজন্য সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) বিজন কান্তি সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিশির দিওসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আইসিএবি সভাপতির সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি সাব্বীর আহমেদের নেতৃত্বে সংগঠনটির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে আইসিএবি প্রতিনিধি দল সংগঠনটির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণের আশ্বাস দেন।

আরও পড়ুন

×