মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে
রাষ্ট্রপতি বললেন
মির্জা ফখরুল ইসলাম
বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৮:৪৩
| প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি, মর্যাদা নিশ্চিত এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
গতকাল বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের জন্য মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা রাষ্ট্রের দায়িত্ব।
বাংলাদেশে বিনিয়োগ জোরদারের আহ্বান
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এ দেশ সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। গতকাল বাংলাদেশ বিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান
রাষ্ট্রপতি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি উচ্চশিক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার মতো দক্ষ কর্মী তৈরির আহ্বান জানিয়েছেন। গতকাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খানের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চাকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে।
গতকাল ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ীরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
- বিষয় :
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর