ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

পুলিশের হামলার প্রতিবাদে কালো কাপড় বেঁধে বিক্ষোভ শিক্ষার্থীদের, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

পুলিশের হামলার প্রতিবাদে কালো কাপড় বেঁধে বিক্ষোভ শিক্ষার্থীদের, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা
×
×

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১৯:২৬

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা। এদিকে পুলিশের হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।

শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে অধ্যক্ষকে উদ্ধার করতে গিয়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। অধ্যক্ষের মদদেই পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে দাবি তাদের। এ ঘটনার প্রতিবাদে তারা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী নাম-পরিচয় প্রকাশ করতে চাননি। তাদের আশঙ্কা, পরিচয় প্রকাশ করলে তারা বিপদে পড়তে পারেন।

এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা দুই দফা দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীদের প্রথম দাবি, মধ্যরাতে পুলিশের হামলার ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি ঘটনায় জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

দ্বিতীয় দাবিতে শিক্ষার্থীরা অধ্যক্ষ ড. মেহেরুন নেছার পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

শিক্ষার্থীরা জানান, দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন কলেজটির শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। প্রায় ১৩ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে।

এ সময় পুলিশি অভিযানে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন

×