কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ফাইল ছবি
কুবি প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ | ০৬:৪৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
প্রকাশিত ফল অনুযায়ী, এ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে পাসের হার ২৪ শতাংশ, ‘বি’ ইউনিটে পাসের হার ১৬ শতাংশ এবং ‘সি’ ইউনিটে পাসের হার ১১ শতাংশ। এ শিক্ষাবর্ষে ৬ টি অনুষদের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ এবং ব্যবসায় শিক্ষা) অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের এবং ৯ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
