ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

সেই তুফানের জামিন আবেদনে ৬ মাসের নিষেধাজ্ঞা

সেই তুফানের জামিন আবেদনে ৬ মাসের নিষেধাজ্ঞা
×

তুফান সরকার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২১ | ০৭:০৪

বগুড়ার বহুল আলোচিত বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকার আগামী ৬ মাস দেশের কোনো আদালতে জামিন চেয়ে আবেদন করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। জামিনের বিষয়ে হাইকোর্টের জারি করা রুলের তথ্য গোপন করে আবারও জামিন চাওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তুফানের বিরুদ্ধে করা একই মামলায় বিচারাধীন আগের রুলও খারিজ করা হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। 

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী সাজ্জাদ হোসাইন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শাহ আলম সরকার।

তুফান সরকারের বিরুদ্ধে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় মামলা করে দুদক। মামলায় জ্ঞাত আয়বহির্ভূতভাবে এক কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা অর্জনের অভিযোগ আনা হয়। এতে বলা হয়, তুফান সরকার আয়কর রিটার্নে অর্জিত সম্পদ হিসাবে উল্লেখিত টাকা দেখালেও বাস্তবে তার আয়ের কোনো বৈধ উৎস ছিল না। পরে এই মামলায় তিনি জামিন চেয়ে আবেদন করলে গত বছরের সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট। 

রুলে জ্ঞাত আয়বহির্ভূতভাবে সম্পদ অর্জনের মামলায় তুফান সরকারকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। ওই রুল বিচারাধীন থাকা অবস্থায় তথ্য গোপন করে হাইকের্টের একই বেঞ্চে গত ৯ মার্চ জামিন চেয়ে নতুন করে আবেদন করেন তিনি।

বগুড়ায় মা ও মেয়েকে নির্যাতনের পর মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ২০১৭ সালের ২৯ জুলাই থেকে তুফান সরকার কারাগারে আছেন। ইতিমধ্যে এ মামলায়ও তার জামিনের আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

আরও পড়ুন

×