ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

সেই তুফান সরকারের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

সেই তুফান সরকারের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল
×

তুফান সরকার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১ | ০৮:৪২ | আপডেট: ১৮ অক্টোবর ২০২১ | ০৮:৪২

বগুড়ায় কিশোরীকে ধর্ষণ এবং কিশোরী ও তার মাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল জারি করেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম সোহেল। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটনি জেনারেল মাসুদ রুমি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান মিলন। এর আগে একাধিকবার তুফান সরকারের জামিন আবেদন খারিজ করেছিলেন হাইকোর্ট। 

এর মধ্যে জামিন জালিয়াতির ঘটনায় গত ১ এপ্রিল হাইকোর্ট এক আদেশে তুফান সরকার ছয় মাস কোনো আদালতে জামিন আবেদন করতে পারবেন না বলেও আদেশ দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার তিনি ফের জামিন চেয়ে আবেদন করেন।

তুফান সরকারের বিরুদ্ধে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় মামলা করে দুদক। মামলায় জ্ঞাত আয়বহির্ভূতভাবে এক কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা অর্জনের অভিযোগ আনা হয়। এতে বলা হয়, তুফান সরকার আয়কর রিটার্নে অর্জিত সম্পদ হিসেবে উল্লেখিত টাকা দেখালেও বাস্তবে তার আয়ের কোনো বৈধ উৎস ছিল না। 

বগুড়ায় মা ও মেয়েকে নির্যাতনের পর মায়ের মাথা ন্যাড়া করার অভিযোগের মামলায় ২০১৭ সালের ২৯ জুলাই থেকে তুফান সরকার কারাগারে আছেন।

আরও পড়ুন

×