নতুন বছরে ৫-৬ লাখ মামলা কমানোর পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৫:৪০ | আপডেট: ০১ জানুয়ারি ২০২০ | ০৭:২৩
নতুন বছরে পাঁচ থেকে ছয় লাখ মামলা কমানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, আমি যদি বলি এ বছরেই ৩০ লাখ মামলা নিষ্পত্তি করে ফেলব, এটা কখনই সম্ভব না। এবছর আমরা কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ মামলা কমানোর পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনা অনুযায়ী বিচারিক আদালতে লোকবল বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
বুধবার রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনষ্টিটিউটে ৪৫ জন সহকারী জজ ও সমপর্যায়ের বিচারকদের জন্য আয়োজিত ৪০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনষ্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব মো. গোলাম সারওয়ার, কোর্স পরিচালক গোলাম কিবরিয়াসহ অন্যরা বক্তব্যে রাখেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গ- নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইন
সভার কাজের ধরন আলাদা হলেও সবার আসল লক্ষ্য ও উদ্দেশ্য এক ও অভিন্ন। সেটি
হচ্ছে জাতির পিতার লালিত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা। এই সোনার
বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা অগ্রগণ্য। কেবল আইনের শাসন নয়, অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্র সুসংহতকরণ এবং দারিদ্র দূরীকরণেও বিচারকদের তথা কোয়ালিটি জুডিসিয়ারির ভূমিকা অনস্বীকার্য। তাই জনগণকে কোয়ালিটি জুডিসিয়ারি উপহার দেওয়ার লক্ষ্যে সরকার বিচার বিভাগকে সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।
প্রশিক্ষণার্থী বিচারদের উদ্দেশে মন্ত্রী বলেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাগতজীবনে অন্যের অনুসরণীয় হওয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে। বিচার সেবা প্রদানের ক্ষেত্রে সততার ভিত্তিতে চারিত্রিক দৃঢ়তা ও স্বচ্ছতা হতে হবে কর্মজীবনের মূলমন্ত্র। বিন্দুমাত্র লোভ কিংবা অসততার কারণে বিচার বিভাগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে কোনো হতাশা বা বিরূপ ধারণা সৃষ্টি না হয় সেদিকে তাদের খেয়াল রাখতে হবে।
আনিসুল হক বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তিকে (এডিআর) আরও জোরদার করা হবে। এ
বিষয়টি এখনও জনগণের কাছে তেমনভাবে পরিচিত নয়। যেসব ফৌজদারী মামলা
আপোষযোগ্য, সেগুলো যেন আদালতের বাইরে মীমাংসা করার জন্য বলে দেন। এজন্য
বিচারকদের উদ্যোগ গ্রহণ করতে হবে।
- বিষয় :
- আইনমন্ত্রী
- আনিসুল হক
