নাবিক ফারজানার ফেরার অপেক্ষায় মা
মাদারীপুর সংবাদদাতা
প্রকাশ: ০৬ মার্চ ২০২২ | ১০:০২ | আপডেট: ০৬ মার্চ ২০২২ | ১০:৪১
ইউক্রেনে হামলার শিকার বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে ছিলেন মাদারীপুরের রাজৈর উপজেলার ফারজানা ইসলাম মৌ। বর্তমানে নিরাপদে রয়েছেন তিনি। হামলায় বরগুনার বেতাগী উপজেলার হাদিসুর নিহত হয়। জাহাজে বাংলাদেশি আরও ২৮ জন ছিলেন।
হামলার ঘটনার পর ৩ মার্চ সকালে মৌ নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে বিপদের কথা জানিয়ে নিজেদের নিরাপদে নিয়ে যাওয়ার আকুতি জানায়। পরে রাতে একটি বোর্ট এসে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। মৌ বেঁচে থাকার সংবাদে পরিবারে স্বস্তি ফিরে এলেও নিরাপদে দেশে ফেরা নিয়ে উদ্বিগ্ন তার পরিবার। ফারজানা ইসলাম মৌ মাদারীপুরের রাজৈর শহরের ফখরুল ইসলামের মেয়ে।
জানা গেছে, ২০১৫ সালে রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকার কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম মেরিন একাডেমিতে ৫৪তম ব্যাচে ভর্তি হন মৌ। লেখাপড়া শেষ করে ইন্টার্নি করার জন্য ১ বছর আগে বাংলার সমৃদ্ধি জাহাজে বিভিন্ন দেশে অবস্থান করেন তিনি। সর্বশেষ তুরস্ক থেকে রওনা হয়ে ২২ ফেব্রুয়ারি জাহাজটি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়।
২৩ তারিখ থেকে যুদ্ধ শুরু হওয়ায় জাহাজটি বন্দরত্যাগ করতে পারেনি। এ অবস্থায় ২ মার্চ বাংলার সমৃদ্ধি জাহাজে হামলা চালানো হয়। সে হামলায় বরগুনার বেতাগী উপজেলার হাদিসুর নিহত হয়। জাহাজে বাংলাদেশি আরও ২৮ জন ছিল। এরপর ৩ মার্চ সকালে মৌ নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে বিপদের কথা জানিয়ে নিজেদেরকে নিরাপদে নিয়ে যাওয়ার আকুতি জানায়। পরে রাতে একটি বোর্ট এসে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
রোববার দুপুরে তার পরিবারের সঙ্গে কথা হয় মৌর। তিনি জানান, তারা ২৮ জন রোমানিয়ার একটি হোটেলে উঠেছেন। মৌসহ তার সাথে থাকা সবাই নিরাপদে দেশে ফেরানোর জন্য সরকারের কাছে আকুতি জানায় মৌর পরিবার।
মৌয়ের বড় ভাই ফাহাদ মাহামুদ লিমন জানান, মৌয়ের সাথে যখন যোগাযোগ করতে পারছিলাম না তখন চিন্তায় ছিলাম। এখন সে নিরাপদে আছে তাই স্বস্তির নিশ্বাস নিতে পারছি। আমার বোন এখন রোমানিয়ায় আছে। বেঁচে আছে সেটাই বড় কথা। দেশে ফেরা নিয়ে চিন্তিত আছি।
মৌয়ের মা মাহামুদা বিউটি জানান, বেশ কিছু দিন মেয়ের সাথে যোগাযোগ না থাকায় চিন্তায় ছিলাম। এখন কথা হয়। আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমার মেয়ে বেঁচে আছে। প্রার্থনা করি আমার মেয়ে যেন নিরাপদে দেশে ফিরে আসতে পারে।
