আভিভা ফাইন্যান্সে প্রশাসক বসালো কেন্দ্রীয় ব্যাংক
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৯:৪৭
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সের প্রশাসক বসিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের পরিচালক হাসান তারেক খাঁনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ ব্যাংক থেকে আজ রোববার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বরাবর চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়। বর্তমানে খন্দকার ইমরান হাবিব এমডির অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর আভিভা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দেয়। আওয়ামী লীগ আমলে প্রতিষ্ঠানটি এস আলম গ্রুপের একক কতৃত্বে পরিচালিত হতো।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ভেঙে ৫ সদস্যের স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে পর্ষদ গঠন করা হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা। পরিচালক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক ডিএমডি মো. রফিকুল ইসলাম ও আইসিবির সাবেক ডিএমডি আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান।
- বিষয় :
- কেন্দ্রীয় ব্যাংক
