ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান

রাস্তার আন্দোলনে সিদ্ধান্ত পরিবর্তন হবে না, জানাল বাংলাদেশ ব্যাংক

রাস্তার আন্দোলনে সিদ্ধান্ত পরিবর্তন হবে না, জানাল বাংলাদেশ ব্যাংক
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৭:১০ | আপডেট: ০১ জুন ২০২৬ | ১৭:৪৪

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের কোনো সিদ্ধান্তই রাস্তার আন্দোলনে পরিবর্তন হবে না। কোনো ব্যাংক কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হতে পারে না। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

এসময় রাজনৈতিক পরিচয় কোনো ব্যাংকের অস্তিত্বের জন্য চরম ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

আরিফ হোসেন খান বলেন, ‘যেকোনো ইস্যুতে সংক্ষুব্ধ ব্যক্তির বিক্ষোভ প্রদর্শন বা মতপ্রকাশের অধিকার রয়েছে। আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ারও এখতিয়ার আছে। তবে বাংলাদেশ ব্যাংক আবেগ বা চাপের ঊর্ধ্বে থেকে কেবল প্রতিষ্ঠানের জন্য যা উপযুক্ত এবং আইনগতভাবে সিদ্ধ, সে অনুযায়ী নিয়মতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করবে।’

তিনি আরও বলেন, ‘কোনো ব্যাংক যদি নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয়ে পরিচিত হতে চায় বা সেই পরিচয়ে বড় হতে থাকে, তবে তা ওই ব্যাংক টেকসই হওয়ার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে ইসলামী ব্যাংক কার্যালয়ের বাইরে বিভিন্ন বিক্ষোভ ও কর্মকাণ্ডের প্রেক্ষাপটে মনে হচ্ছে, কোনো কোনো ব্যাংক বিশেষ রাজনৈতিক সংগঠনের অঙ্গসংগঠনে পরিণত হচ্ছে কিনা! বাংলাদেশ ব্যাংকের মতে, কোনো ব্যাংকই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হতে পারে না এবং রাজনৈতিক পরিচয় কোনো ব্যাংকের অস্তিত্বের জন্য চরম ঝুঁকিপূর্ণ।’

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এবং সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে- এমন আশঙ্কায় ইসলামী ব্যাংকের বোর্ড সভা সরাসরি না করে ভার্চ্যুয়াল করার অনুমতি দেওয়া হয়েছে। 

তিনি বলেন, 'ব্যাংক ভবনের বাইরে রাস্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তবে ব্যাংকের অভ্যন্তরীণ বা কম্পাউন্ডের ভেতরের নিরাপত্তার বিষয়টি বাংলাদেশ ব্যাংক বিশেষভাবে আমলে নেয়।' 

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবস্থান সম্পর্কে তিনি বলেন, 'কেন্দ্রীয় ব্যাংকসহ কোনো বাণিজ্যিক ব্যাংকেই রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। গভর্নর ব্যাংক কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন, কাজ করতে গিয়ে তারা যদি কোনো রাজনৈতিক চাপের সম্মুখীন হন, তবে তা যেন সরাসরি জানানো হয়।'

সেই চাপ কর্মকর্তারা মোকাবিলা করতে না পারলে গভর্নর নিজে তা মোকাবিলা করবেন বলে উল্লেখ করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

আরও পড়ুন

×