শীতে শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার ঘরোয়া উপায়
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ১২:৩১ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ | ১৩:২৭
শীতকালে বাতাসের আর্দ্রতা অনেক কম থাকায় ত্বক শুষ্ক, খসখসে হয়ে যায়। অনেকের আবার অতিরিক্ত শুষ্কতার কারণে ত্বক চুলকায়। এ সমস্যা সমাধানে অনেকেই বাজারে পাওয়া লোশন, ক্রিম ব্যবহার করেন। এছাড়াও ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহারে ত্বকের শুষ্কতা রোধ করতে পারেন। যেমন-
নারকেল তেল
নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ভালো ফল পেতে, গোসলের পরপরই ত্বকে হালকা গরম নারকেল তেল ব্যবহার করুন। এটি আপনার ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ও সারাদিন আর্দ্রতা বজায় রাখতে বেশ কার্যকর।
মধু
শীতে ত্বকের যত্ন নিতে মধু ব্যবহার করতে পারেন। এটি ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। ভালো ফলের জন্য ত্বকে ১০ থেকে ১৫ মিনিটের জন্য মধু লাগান। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক নরম হয় এবং সতেজতা বজায় থাকে।
অ্যালোভেরা
শুষ্কতার পাশাপাশি যদি ত্বক জ্বালাপোড়া করে তাহলে আপনার শীতকালীন ত্বকের যত্নের রুটিনের অংশ হিসাবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এটি ত্বক ঠান্ডা রাখে এবং প্রদাহ কমায়। ত্বকের যত্নে গাছ থেকে অ্যালোভেরার তাজা পাতা ছিঁড়ে জেল বের করে কিংবা দোকান থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। ভালো ফল পেতে দিনে দুই বার অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহার করুন।
ওটমিল দিয়ে গোসল
শীতকালে, চুলকানি কমাতে গোসলের পানিতে ওটস ব্যবহার করতে পারেন। গুঁড়ো করা ওটসে বিটা-গ্লুকান থাকে, যা জ্বালাভাব কমায় ও ত্বক সুরক্ষিত রাখে । ১ কাপ ওটসের গুঁড়া গোসলের জন্য রাখা হালকা গরম পানিতে যোগ করুন এবং ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এই পানি দিয়ে গোসল করলে শরীর শুধু আরামই পাবে তা নয়, বরং ত্বকও মসৃণ থাকবে।
গ্লিসারিন এবং গোলাপ জলের মিশ্রণ
ত্বকের যত্নের জন্য স্প্রে তৈরি করতে পারেন। একটি স্প্রে বোতলে সম পরিমাণে গ্লিসারিন এবং গোলাপ জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের চুলকানি কমাতে সাহায্য করে। রাতে মুখ, হাত এবং পায়ে এই মিশ্রণটি লাগালে ত্বক হাইড্রেটেড থাকবে।
এসবের পাশাপাশি শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে দৈনিক আট থেকে ১০ গ্লাস পানি পান করুন। সূত্র: হেলথসটস
