চার ফেলোশিপের তথ্য
রাফি ইসলাম, সুইডেন থেকে
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ১০:১৬
ফেলোশিপ হলো এমন এক ধরনের আর্থিক অনুদান, যা উচ্চশিক্ষা, গবেষণা বা পেশাগত উন্নয়নের জন্য একজন ব্যক্তিকে দেওয়া হয়। এটি সাধারণত কোনো বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা বা ফাউন্ডেশন থেকে আসে।
ফেলোশিপের মূল উদ্দেশ্য হলো, মেধাবী শিক্ষার্থী বা গবেষকদের পছন্দের ক্ষেত্রে আরও জ্ঞান অর্জন এবং নতুন কিছু উদ্ভাবনে সহায়তা করা। এটি শুধু আর্থিক সুবিধাই দেয় না, বরং বিশ্বজুড়ে সেরা শিক্ষাবিদ ও গবেষকদের সঙ্গে কাজ করা এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার এক অসাধারণ সুযোগ করে দেয়। ফেলোশিপগুলো বিভিন্ন মেয়াদি হতে পারে।
কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত এবং প্রায়ই টিউশন ফি, জীবনযাত্রার খরচ, স্বাস্থ্যবীমা এবং গবেষণা ব্যয়ও এর আওতায় থাকে। যারা নিজেদের একাডেমিক বা পেশাগত জীবনে নতুন মাত্রা যোগ করতে চান, তাদের জন্য ফেলোশিপ হতে পারে একটি অসাধারণ পথ। Humboldt Research Fellowship
জার্মানি
আলেকজান্ডার ফন হামবোল্ট ফাউন্ডেশন এ ফেলোশিপটি পরিচালনা করে, যা আন্তর্জাতিক গবেষকদের জন্য জার্মানির অন্যতম সেরা সুযোগ।
এটি বিশ্বের যে কোনো দেশের উচ্চ যোগ্যতাসম্পন্ন পোস্টডক্টরাল গবেষক (পিএইচডির পর ছয় বছর পর্যন্ত) এবং অভিজ্ঞ গবেষকদের (পিএইচডির পর ১২ বছর পর্যন্ত) জার্মানির একটি স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠানে তাদের নিজস্ব প্রকল্প নিয়ে কাজ করার সুযোগ দেয়। এটি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং পূর্ণাঙ্গ অর্থায়িত ফেলোশিপ।
আবেদনের সময়সীমা (সম্ভাব্য): এই ফেলোশিপের জন্য বছরের যে কোনো দিন আবেদন করা যায়। কোনো নির্দিষ্ট কাট-অফ ডেট নেই। তবে প্রতি বছর কয়েকবার মূল্যায়ন হয়।
লিংক: https://www.humboldt-foundation.de/en/apply/sponsorship-programmes/humboldt-research-fellowship
Marie Skłodowska-Curie Postdoctoral Fellowships
ইউরোপ
এটি ইউরোপীয় ইউনিয়নের Horizon Europe প্রোগ্রামের অধীনে একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিক ফেলোশিপ।
এ ফেলোশিপটি মূলত ক্যারিয়ারের প্রারম্ভিক পর্যায়ের গবেষকদের ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র বা সংযুক্ত দেশগুলোয় পোস্টডক্টরাল গবেষণা পরিচালনার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। ফেলোশিপটি দুই বছর মেয়াদি হয়ে থাকে।
কারা করতে পারবে: পিএইচডি সম্পন্ন করেছেন এবং ইউরোপের বাইরে থেকে এসেছেন এমন আন্তর্জাতিক গবেষকরা (চার থেকে আট বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে)।
আবেদনের সময়সীমা: প্রতি বছর সাধারণত এপ্রিল মাসে শুরু হয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন গ্রহণ করা হয়।
লিংক: https://marie-sklodowska-curie-actions.ec.europa.eu/actions/postdoctoral-fellowships
Newton International Fellowships
যুক্তরাজ্য
রয়্যাল সোসাইটি এবং ব্রিটিশ একাডেমির যৌথ উদ্যোগে এটি পরিচালিত হয়।
বিবরণ: আন্তর্জাতিকভাবে প্রারম্ভিক ক্যারিয়ারের গবেষকদের জন্য এটি একটি আকর্ষণীয় ফেলোশিপ। এর মাধ্যমে যুক্তরাজ্যের একটি গবেষণা প্রতিষ্ঠানে দুই বছরের জন্য একটি নির্দিষ্ট গবেষণামূলক প্রকল্পে কাজ করার সুযোগ পাওয়া যায়। এটি গবেষণা ক্ষেত্রের বিস্তৃত পরিসরের জন্য উন্মুক্ত।
কারা করতে পারবে: পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন (সাধারণত ১০ বছর আগে) এবং যুক্তরাজ্যের নাগরিক নন এমন গবেষকরা।
আবেদনের সময়সীমা: সাধারণত প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এর আবেদন প্রক্রিয়া চলে।
লিংক: https:// royalsociety.org/grants/newton-international
Fulbright Foreign Student Program যুক্তরাষ্ট্র
এটি আমেরিকার অন্যতম জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বিনিময় কর্মসূচি।
এ প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা (সাধারণত মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের জন্য) অথবা গবেষকরা যুক্তরাষ্ট্রে অধ্যয়ন বা গবেষণা করার জন্য পূর্ণাঙ্গ আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এটি কেবল ডিগ্রি প্রোগ্রামের জন্য নয়, নির্দিষ্ট গবেষণামূলক ফেলোশিপের সুযোগও দিয়ে থাকে।
কারা করতে পারবে: নিজ নিজ দেশের ফুলব্রাইট কমিশন বা ইউএস অ্যামবাসি মনোনীত যোগ্য প্রার্থীরা।
আবেদনের সময়সীমা : আবেদন প্রক্রিয়া প্রতি বছর এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময়ে শুরু হয়। আপনার দেশের জন্য নির্দিষ্ট সময়সীমা জানতে হবে।
লিংক: https://foreign.fulbrightonline.org/about/foreign-student-program
- বিষয় :
- ফেলোশিপ
