ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্যাম্পাস সংবাদ

ক্যাম্পাস সংবাদ
×

এই সমাবর্তনে চারটি প্রোগ্রামের মোট ৩৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন

 ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১২:১৭ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১৯:১৬

আইবিএর সমাবর্তন অনুষ্ঠিত

গত শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সমাবর্তনে বিবিএ, এমবিএ, ইএমবিএ ও ডিবিএ– এই চারটি প্রোগ্রামের মোট ৩৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১১৬ জনকে বিবিএ, ১২৬ জনকে এমবিএ, ১২২ জনকে ইএমবিএ এবং একজন শিক্ষার্থীকে ডিবিএ ডিগ্রি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিএর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ।

অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি নবস্নাতকদের দেশের আর্থসামাজিক উন্নয়নে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।  শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রতি উৎসাহিত করে আইবিএ পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ বলেন, উদ্যোক্তা হওয়ার চ্যালেঞ্জ যেমন কঠিন, তেমনি একটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার তৃপ্তি অতুলনীয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আইবিএর অধ্যাপক ড. ইফতেখারুল আমিন।  এ বছর ২৬ জন শিক্ষার্থী অসাধারণ একাডেমিক কৃতিত্বের জন্য ডিরেক্টরস অনার লিস্টে স্থান অর্জন করেন এবং দুইজন শিক্ষার্থী স্বর্ণপদকে ভূষিত হন। 

 

সাম্যের এগিয়ে চলা

নাহিয়ান জামান সাম্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ তিনি আলফাডাঙ্গা উপজেলার ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ হিসেবে নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ তিনি ঢাকা মহানগরের ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’র সম্মানে ভূষিত হন। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ‘সাংস্কৃতিক প্রিফেক্ট’ হিসেবে দায়িত্ব পালনকালে সাম্য শিক্ষার্থীদের সাংস্কৃতিক অংশগ্রহণের ক্ষেত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। অল্প বয়সেই  দায়িত্ববোধ ও নেতৃত্বের পরিচয় দিয়ে তিনি আবাসিক ও অনাবাসিক উভয় শিক্ষার্থীর জন্য বিভিন্ন সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সমান সুযোগ তৈরি করেছেন। তাঁর উদ্যোগের ফলে আগের প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতাগুলো দূর হয়েছে এবং কলেজের সাংস্কৃতিক কার্যক্রম আরও সুসংগঠিত ও সর্বজনীন হয়ে উঠেছে। একই সঙ্গে ‘রেমিয়ান্স কালচারাল ক্লাব’-এর সভাপতি হিসেবে সাম্য সংগঠনটিকে এক নতুন গতি। 
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ‘নক্ষত্রের নৈঃশব্দ্য’ এক অন্তর্মুখী ভাবনার পরিশীলিত রূপ, যা দৃশ্যমানতার অন্তরালে নিহিত গভীর অর্থ অনুসন্ধান করে। একই সঙ্গে ‘জুলাই বার্তা’ ও ‘বিহঙ্গ’-এর প্রথম সম্পাদক হিসেবে তাঁর সম্পাদনা শিক্ষাপ্রতিষ্ঠানের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকে সমৃদ্ধ করেছে। সাংস্কৃতিক ঐক্য গড়ার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাম্য প্রতিষ্ঠা করেন ‘রূপম’। এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তাঁর নেতৃত্বে ‘১ম জাতীয় সাংস্কৃতিক জুবিলেশন ২০২৫’ আয়োজিত হয়, যেখানে দেশের ২০টিরও বেশি জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এর আগে ২০২৪ সালে একটি জাতীয় সাংস্কৃতিক উৎসবের সফল আয়োজন এবং পরবর্তী সময়ে ২০২৬ সালে ‘আনন্দধারা’ শিরোনামে দ্বিতীয় জাতীয় সাংস্কৃতিক উৎসবের সূচনা তাঁর নেতৃত্বকে তরুণদের মধ্যে আরও বিস্তৃত ও গতিশীল করেছে।

 

 

ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির নেতৃত্বে আদৃতা ও সিয়াম লাবিব

জ্ঞান ও সৃজনশীলতার মেলবন্ধনে অগ্রণী সংগঠন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির (ডিইউকিউএস) ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রোদাবা জামান আদৃতা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সিয়াম লাবিব। বিদায়ী সভাপতি সাদমান মুজতবা রাফিদ ও সাধারণ সম্পাদক অর্নব রায় পার্থ নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক দায়িত্ব হস্তান্তর করেন। নবগঠিত কমিটি বাংলাদেশের কুইজিং কমিউনিটির মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দেশব্যাপী কুইজিং কার্যক্রমের সম্প্রসারণকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে একটি সক্রিয় ও ফলপ্রসূ কমিটি পরিচালনার মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছে তারা।

আরও পড়ুন

×