ক্যাম্পাস সংবাদ
বাঁ থেকে: সাইদুজ্জামান আরাফ, লাবিব শাহরিয়ার ও ত্রিদিব রায়
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১১:২৭
এআই অলিম্পিয়াডে বাংলাদেশের ৩ স্বর্ণপদক
প্রথম এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডে তিনটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। সম্প্রতি ঢাকার নির্ধারিত ভেন্যু থেকে অনলাইনে যুক্ত হয়ে এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অংশ নেয় বাংলাদেশের ৮ সদস্যের দল। সিঙ্গাপুর, জাপান, চীন ও রাশিয়াসহ ১৮টি দেশের ১২৯ জন প্রতিযোগী এই অলিম্পিয়াডে অংশ নিয়েছে। এর মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ ৩টি স্বর্ণপদক পেয়েছে। ইন্দোনেশিয়া পেয়েছে ২টি স্বর্ণপদক। এ ছাড়া আর কোনো দেশ একটির বেশি স্বর্ণপদক পায়নি। বাংলাদেশের হয়ে স্বর্ণপদক পেয়েছে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী ত্রিদিব রায় এবং মৌলভীবাজার সরকারি কলেজের সাইদুজ্জামান আরাফ। আট সদস্যের দলে আরও ছিল রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী মোবতাসিম চৌধুরী, দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নওফেল রহমান, ন্যাশনাল আইডিয়াল স্কুলের মুর্তজা আব্দুল্লাহ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অনন্য জারিফ এবং মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইরাহ নাওয়ার আহমেদ। এরপর বাংলাদেশের এই দলটি অংশ নেবে কাজাখস্তানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে। তবে সেখানে থাকবে ৪ সদস্যের বাংলাদেশ দল। সঙ্গে দলনেতা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বিএম মইনুল হোসেন।
কাইজেন সাস্টের সভাপতি ফখরুল সম্পাদক রাফিয়া
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, গবেষণা ও উদ্ভাবনী বিষয়ক সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমইই) বিভাগের রওনক জাহান রাফিয়া দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শহীদ হাসান জয়। এ ছাড়া, সহসভাপতি ইব্রাহিম খলিল, মো. আনিছুর রহমান, ফারজানা আক্তার, হাফিজুন নেছা লামি ও নয়ন মনি দাস। যুগ্ম সাধারণ সম্পাদক রাইহান কবির, কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল আবির ও সহ-কোষাধ্যক্ষ মো. সৈকত আলি। কমিটিতে প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন মো. তারেকুল ইসলাম, করপোরেট রিলেশনস সম্পাদক রাফিউল হোসাইন লিংকন, স্পন্সর ম্যানেজমেন্ট সম্পাদক তানভীর হাসান সিজান, স্কুল-ইন-চার্জ (ডিজাইন) জিকরুল শাহরিয়ার অয়ন, স্কুল-ইন-চার্জ (স্কিল) রাকিবুল ইসলাম জিসান, স্কুল-ইন-চার্জ (প্রজেক্ট) মিনহাজ সামি, স্কুল-ইনচার্জ (রিসার্চ) মো. মুতাসিমুল হাসান এবং স্কুল-ইনচার্জ (রোবটিক্স) মোহাম্মাদ শায়াদ খানের নাম ঘোষণা করা হয়েছে।
- বিষয় :
- ক্যাম্পাস