আইইউবিএটি
উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সনদপত্র ও স্মারক উপহার প্রদান করা হয়
আকাশ রহমান
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৩:০১
তরুণদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা, গবেষণা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উদ্ভাবন ও উদ্যোক্তা কেন্দ্র (আইআইইসি) আয়োজিত ‘উদ্ভাবন প্রতিযোগিতায় ২০২৬’ সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক দল এবং ৩৭০ জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১ ও ২ আগস্ট অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রজেক্ট, প্রযুক্তিনির্ভর সমাধান, গবেষণালব্ধ আইডিয়া এবং ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন।
প্রতিযোগিতাটি মোট ১০টি বিভাগে বিভক্ত ছিল। এতে প্রজেক্ট প্রদর্শনী বিভাগে ‘এগ্রি স্পার্ক’, গবেষণা পোস্টার উপস্থাপনায় ‘সোলার সোলস’, ট্রাস ডিজাইন প্রতিযোগিতায় ‘জেন সিভিল’, ভূমিকম্প-সহনশীল কাঠামো নির্মাণে ‘লিংক স্পেস’, সকার রোবট বিভাগে ‘এএইচ ফাইটার’, লাইন অনুসরণকারী রোবট বিভাগে ‘নেক্সট জেন রোবটিকস’, রেসিং রোবট প্রতিযোগিতায় ‘এএইচ রোভার’, ব্যবসায়িক কেস বিশ্লেষণে ‘অ্যাসেট ক্লাস’, উদ্ভাবনী ধারণা উপস্থাপনায় ‘সোলার সোল’ এবং সফটওয়্যার উদ্ভাবন (হ্যাকাথন) প্রতিযোগিতায় ‘ওয়েব জারএক্স’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং মোট ৭৫ হাজার টাকা মূল্যের পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে সনদপত্র ও স্মারক উপহার দেওয়া হয়েছে। অনুষ্ঠানের অংশ হিসেবে আইআইইসির বার্ষিক মিলনমেলা, প্রাক্তন সদস্যদের পুনর্মিলনী এবং বিদায়ী কার্যনির্বাহী কমিটির সংবর্ধনার আয়োজন করা হয়। আইইউবিএটির উদ্ভাবন ও উদ্যোক্তা কেন্দ্রের (আইআইইসি) পরিচালক ড. নাঈম হোসেন জানান, আইইউবিএটি প্রতিষ্ঠালগ্ন থেকেই গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
উদ্ভাবন প্রতিযোগিতাটির ধারণা ও পরিকল্পনা প্রণয়ন করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রব। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ড. মাহামুদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।
- বিষয় :
- প্রযুক্তি