সাভারে একটি বাড়ি ঘিরে অভিযান, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার
ছবি- সমকাল
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ২৩:৫০
সাভারে একটি বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন অভিযোগে বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। ভবনটি থেকে পাঁচটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে তবে এগুলো বিস্ফোরক কি না, তা পরীক্ষা করে নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। পরে ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, শ্যামপুর এলাকায় একটি বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে সেখান থেকে বোমাসদৃশ পাঁচটি বস্তু উদ্ধার করা হয়। উদ্ধার করা বস্তুগুলো বিস্ফোরক কি না, তা বোমা ডিসপোজাল টিম পরীক্ষা করে নিশ্চিত করবে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন।