মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াতের ১১ এমপি
ছবি: সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ২২:১৫
কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার সঙ্গে কোনো অঞ্চলের উন্নয়নকে শর্তযুক্ত করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন রংপুর অঞ্চলের জামায়াতে ইসলামীর ১১ সংসদ সদস্য। তারা বলেছেন, রংপুরের মানুষ রাজনৈতিকভাবে সচেতন। কোন দলকে ভোট দেবেন, সেটি তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। ভোটের সঙ্গে উন্নয়নকে যুক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গত শনিবার রংপুরে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াত নেতারা। রাত আটটায় রংপুর নগরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। উপস্থিত ছিলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-১ আসনের রায়হান সিরাজী, গাইবান্ধা-১ আসনের মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের নজরুল ইসলাম, গাইবান্ধা-৫ আসনের আব্দুল ওয়ারেছ, নীলফামারী-১ আসনের আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনের আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-৪ আসনের হাফেজ আব্দুল মুনতাকিম। এ সময় জামায়াত রংপুর মহানগর শাখার আমির এ টি এম আজম খানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, মির্জা ফখরুলের বক্তব্য রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা ও স্বাধীন মতপ্রকাশের প্রতি অসম্মানজনক। জামায়াত নেতারা বলেন, মির্জা ফখরুলের বক্তব্যে রংপুরের মানুষ বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করলে এ অঞ্চলের উন্নয়ন পিছিয়ে থাকবে-এমন ধারণা পাওয়া যায়। জনগণ কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন, সেটি তাঁদের নিজস্ব গণতান্ত্রিক অধিকার। কোনো সরকারের প্রতি আনুগত্য প্রকাশের শর্ত হিসেবে ভোট দেওয়ার বিষয়টি নির্ধারণ করা যায় না
ওই সংবাদ সম্মেলনে রংপুরবাসীর রাজনৈতিক অধিকার ও মর্যাদার প্রতি সম্মান দেখিয়ে মির্জা ফখরুল তার বক্তব্য প্রত্যাহার করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াত নেতারা।
- বিষয় :
- রংপুর
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর