ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ, তদন্ত কর্মকর্তাসহ আহত ৫

তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ, তদন্ত কর্মকর্তাসহ আহত ৫
×

ফাইল ছবি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ২২:১৭ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ | ২২:১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা দাবি, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। হামলায় থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহামেদসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহামেদ, উপপরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনস্টেবল সাহাদাত হোসেন, আবু ইউসুফ ও গাড়িচালক ইছাক শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে দারুল ইহসান মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আবসার কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ করেন। এতে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৯ থেকে ১০ জনের বিরুদ্ধে চাঁদা দাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়। অভিযোগের তদন্তে পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহামেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে দুই পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসতে বলে পুলিশ ফিরে যাচ্ছিল।

এ সময় বাদী নুরুল আবসার ফোন করে পুলিশকে জানান, অভিযুক্তরা মাদ্রাসায় ঢুকে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের কারণ জানতে চাইলে অভিযুক্তরা লাঠি ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×