ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি: সাফল্য অর্জনের কৌশল

বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি:  সাফল্য অর্জনের কৌশল
×

 রাহাত মাহমুদ 

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩১

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শেষ হওয়ার পর প্রত্যেক শিক্ষার্থীর জীবনে শুরু হয় এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। এটি হলো স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পা রাখার পথ পরিক্রমা। প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তিযুদ্ধে নামেন। তবে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা মহাবিদ্যালয়গুলোতে মোট আসন সংখ্যা সীমিত।

উদাহরণস্বরূপ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে লাখ লাখ আবেদনের বিপরীতে সুযোগ পান মাত্র অল্প কিছুসংখ্যক শিক্ষার্থী। এই কঠোর বাস্তবতাই প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুরু থেকেই দরকার সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও কৌশলী প্রস্তুতি। অন্যদিকে শুরু থেকেই প্রস্তুতি নিলে বেশকিছু বিষয়ে আপনি এগিয়ে থাকবেন। যেমন–
পুরো সিলেবাস একাধিকবার পড়া সম্ভব হয়।
গুরুত্বপূর্ণ বিষয়গুলো বারবার অনুশীলন করা যায়।
দুর্বল বিষয়গুলোতে বাড়তি সময় দেওয়া যায়।
বিগত বছরের প্রশ্ন সমাধান করা যায়।
নিয়মিত মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাওয়া যায়।

লক্ষ্য নির্ধারণ ও প্রাথমিক প্রস্তুতি

ভর্তি প্রস্তুতির প্রথম ও প্রধান ধাপ হলো নিজের লক্ষ্য সুস্পষ্ট করা। আপনি প্রকৌশল, মেডিকেল, নাকি বিশ্ববিদ্যালয়ের সাধারণ মানবিক, বিজ্ঞান কিংবা ব্যবসায় শিক্ষা ইউনিটে পড়তে চান– তা শুরুতেই সিদ্ধান্ত নিন। লক্ষ্য অস্পষ্ট হলে প্রস্তুতি বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জন কঠিন হয়ে যায়। উদাহরণস্বরূপ, প্রকৌশল বিভাগে ভর্তির জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে গভীর মৌলিক জ্ঞান প্রয়োজন। আবার মেডিকেলে পড়ার স্বপ্ন থাকলে জীববিজ্ঞানের প্রতিটি অধ্যায়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। লক্ষ্য নির্ধারিত হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নম্বর বণ্টন, যোগ্যতা এবং পরীক্ষার মানদণ্ড সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।

সিলেবাস ও প্রশ্নব্যাংক বিশ্লেষণ

এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ থেকে পড়াশোনা করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরিসর বেশ বিস্তৃত। একজন শিক্ষার্থীর পক্ষে একসাথে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন ধারার প্রস্তুতি নেওয়া প্রায় অসম্ভব। তাই আপনার প্রধান লক্ষ্য যে বিশ্ববিদ্যালয়, সেটির বিগত ১০ বছরের প্রশ্নপত্র সংগ্রহ করে গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। প্রশ্নব্যাংক সমাধানের পাশাপাশি বিসিএস এবং অন্যান্য সরকারি পরীক্ষার প্রশ্নপত্র অনুশীলন করা যেতে পারে, যা সাধারণ জ্ঞান ও মৌলিক বিষয়ে ভালো ধারণা তৈরি করে। এ ছাড়া সাম্প্রতিক বিশ্ব ও দেশের নানা ঘটনাবলি সম্পর্কে জানতে নিয়মিত মানসম্মত দৈনিক পত্রিকা পাঠ করা দরকার।

মৌলিক জ্ঞান বৃদ্ধি ও বিষয়ভিত্তিক কৌশল

ভর্তি পরীক্ষা কেবল পাঠ্যবই মুখস্থ রাখার পরীক্ষা নয়; এটি শিক্ষার্থীর বিশ্লেষণী ক্ষমতা, দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং সময়ের মধ্যে উত্তর প্রদান করার সক্ষমতা পরীক্ষা করে। তাই কোনো বিষয় মুখস্থ না করে তার মূল ধারণা স্পষ্ট করার দিকে নজর দেওয়া উচিত।
ইংরেজি: ব্যাকরণ, শব্দভান্ডার (Vocabulary), এবং কম্প্রিহেনশনে ভালো দক্ষতা থাকলে ইংরেজিতে সহজেই ভালো নম্বর তোলা সম্ভব।
গণিত ও বিজ্ঞান: সূত্র অন্ধের মতো মুখস্থ করার চেয়ে সূত্রের সঠিক প্রয়োগ ও কম সময়ে সমস্যা সমাধানের শর্টকাট পদ্ধতি শিখতে হবে।
ভুল সংশোধন: প্রতিবার প্রশ্ন অনুশীলনের সময় যেসব প্রশ্ন ভুল হবে, সেগুলোর জন্য আলাদা একটি নোটখাতা তৈরি করতে হবে। এতে নিজের দুর্বলতা সহজে চিহ্নিত করা যায়।

সময় ব্যবস্থাপনা ও রুটিন

ভর্তি প্রস্তুতির সময় ব্যবস্থাপনা হলো মূল চাবিকাঠি। অনেক শিক্ষার্থী প্রচুর বিষয় পড়ার পরিকল্পনা করেন, কিন্তু সঠিক সময়ের অভাবে শেষ করতে পারেন না। প্রতিদিনের পড়ার জন্য একটি বাস্তবসম্মত রুটিন তৈরি করা জরুরি। কোন বিষয়ে প্রতিদিন কত সময় দেবেন এবং সপ্তাহে কতদিন রিভিশন করবেন, তা আগে থেকেই স্থির করে নিন।

প্রযুক্তির সঠিক ব্যবহার

মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া এ সময় শিক্ষার্থীদের মনোযোগ ভঙ্গের সবচেয়ে বড় কারণ হয়। পড়ার সময় স্মার্টফোন দূরে রাখা এবং অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখা উচিত। তবে প্রযুক্তিকে পুরোপুরি বাদ না দিয়ে শিক্ষামূলক কাজে ব্যবহার করতে হবে। অনলাইন লেকচার, মডেল টেস্ট, ডিজিটাল অভিধান এবং বিভিন্ন তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম প্রস্তুতির গতি বাড়িয়ে দিতে পারে।

প্রয়োজন আত্মবিশ্বাস

লাখ লাখ শিক্ষার্থীর মাঝে নিজের স্থান করে নিতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন আত্মবিশ্বাস। নিজেকে অন্য কোনো শিক্ষার্থীর সঙ্গে তুলনা করে হতাশাগ্রস্ত হওয়া যাবে না। ইতিবাচক চিন্তা, পর্যাপ্ত ঘুম মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। দৃঢ় আত্মবিশ্বাস এবং ধারাবাহিক পরিশ্রমই আপনাকে চূড়ান্ত সাফল্যের কাছে পৌঁছে দেবে। 

আরও পড়ুন

×