ক্যাম্পাস সংবাদ
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৫
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বাস্কেটবল লিগের প্রথম আসর
নর্থ সাউথ ইউনিভার্সিটি বাস্কেটবল লিগ (এনবিএল) ২০২৬–এর প্রথম আসর গত ২৯ আগস্ট শেষ হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির ইনডোর গ্রাউন্ডে আয়োজিত এ টুর্নামেন্টে পুরুষ, নারী ও কো-এড বা সমন্বিত বিভাগে যথাক্রমে ওল্ড বিটস, র্যাপ্টরস ও ম্যাড চ্যাম্পিয়ন হয়েছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব (এনএসইউএসসি) আয়োজিত টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক বিভাগের শিক্ষার্থী ও বাস্কেটবলপ্রেমীরা অংশ নেন। টুর্নামেন্টে তিনটি বিভাগ ছিল– পুরুষ, নারী ও কো-এড বা সমন্বিত বিভাগ। পুরুষ বিভাগে আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার পর চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেয়। শেষ পর্যন্ত ওল্ড বিটস চ্যাম্পিয়ন ও রিভেন ডেল রানার্সআপ হয়।
নারী বিভাগে অংশ নেয় চারটি দল। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার পর সেরা দুটি দল ফাইনালে ওঠে। ফাইনালে র্যাপ্টরস শিরোপা জয় করে এবং পান্ডা স্কোয়াড রানার্সআপ হয়।
কো-এড বা সমন্বিত বিভাগে ছিল তিনটি গ্রুপ। প্রতিটি গ্রুপে তিনটি করে দল। গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন দল ও সবচেয়ে কম ব্যবধানে পরাজিত সেরা রানার্সআপ দল সেমিফাইনালে জায়গা করে নেয়। সেমিফাইনাল শেষে ম্যাড সমন্বিত বিভাগে চ্যাম্পিয়ন ও ওল্ডিজ রানার্সআপ হয়।
টুর্নামেন্টের ম্যাচগুলো তিন বনাম তিন ফরম্যাটে হাফ কোর্টে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত বাস্কেটবল খেলোয়াড়দের পাশাপাশি এই খেলায় আগ্রহী অন্য শিক্ষার্থীরাও টুর্নামেন্টে উৎসাহের সঙ্গে যুক্ত হন। ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পুরুষ বিভাগে আবদুল্লাহ আল জাওয়াদ হোসাইন টুর্নামেন্টসেরা নির্বাচিত হন। নারী বিভাগে এই সম্মান পান সামিহা আরমান। সমন্বিত বিভাগেও টুর্নামেন্টসেরা নির্বাচিত হন আবদুল্লাহ আল জাওয়াদ হোসাইন।
ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ ও আরবরিকালচার সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘ঢাকা ইউনিভার্সিটি গ্রিন নেক্সাস ২০২৬’ কর্মসূচি শেষ হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রধান উপদেষ্টা ও আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদ এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকির হোসেন হাওলাদার।
- বিষয় :
- ক্যাম্পাস