ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় মেরিটাইম মুট কোর্ট প্রতিযোগিতা

চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয়

চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয়
×

বিজয়ীদের সঙ্গে অতিথিরা

 সাজিদ রহমান 

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৭

জাতীয় মেরিটাইম মুট কোর্ট প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। BMU–BSIL 1st National Maritime Moot Court Competition 2026-এ ৪১টি দলকে পেছনে ফেলে শিরোপা জিতে নেয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দল। গত ২১ ও ২২ আগস্ট বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতার বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসির ডিপার্টমেন্ট অব মেরিটাইম ল অ্যান্ড পলিসি এবং বাংলাদেশ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করে। মেরিটাইম আইনকে কেন্দ্র করে বাংলাদেশে এ ধরনের এটিই প্রথম জাতীয় পর্যায়ের মুট কোর্ট প্রতিযোগিতা। প্রতিযোগিতার মাধ্যমে আইন শিক্ষার্থীদের সমুদ্র আইন ও সংশ্লিষ্ট আইনি বিষয়ে জ্ঞান, গবেষণা, যুক্তি উপস্থাপন এবং আইনি বিশ্লেষণের দক্ষতা যাচাই করা হয়।

মুট কোর্ট প্রতিযোগিতায় সাধারণত একটি কাল্পনিক বা নির্ধারিত আইনি বিরোধকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বাদী ও বিবাদী– দুই পক্ষের হয়ে আইনি যুক্তি উপস্থাপন করেন। লিখিত বক্তব্য প্রস্তুতের পাশাপাশি মৌখিক উপস্থাপনার মাধ্যমে প্রতিপক্ষের যুক্তি মোকাবিলা করতে হয়। ফলে এ ধরনের প্রতিযোগিতা আইন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবধর্মী আইনি দক্ষতা বিকাশের সুযোগ করে দেয়।

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অংশগ্রহণকারী দলগুলোর গবেষণা, আইনি যুক্তি, উপস্থাপন এবং বিশ্লেষণী সক্ষমতা মূল্যায়ন করা হয়। একাধিক ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেয় নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সিকদার মাহমুদুর রাজী, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের প্রশাসন বিভাগের পরিচালক ও সিনিয়র জেলা ও দায়রা জজ এ ই এম ইসমাইল হোসাইন এবং জেলা ও দায়রা জজ মাসরুর সালেকিন।

ফাইনাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আনীক আর হক। এ সময় বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল খন্দকার আখতার হোসেনও উপস্থিত ছিলেন।

বিচারক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে দুই দলের প্রতিযোগীরা নির্ধারিত আইনি বিষয়ে নিজেদের যুক্তি তুলে ধরেন। আইনি গবেষণা, তথ্য-উপাত্তের ব্যবহার, যুক্তির কাঠামো, উপস্থাপনার দক্ষতা এবং প্রতিপক্ষের প্রশ্নের জবাব দেওয়ার সক্ষমতাসহ বিভিন্ন মানদণ্ডে প্রতিযোগীদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।

চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দলে ছিলেন দুই ওরালিস্ট মেহেরুন ইসলাম পায়েল ও নুসরাত জাহান তোহা এবং গবেষক রাইয়ান শিকদার। দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সানজিদা হায়দার সুহা। 

প্রতিযোগিতায় দলটির মৌখিক উপস্থাপনা ও গবেষণার সমন্বিত পারফরম্যান্স শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি প্রতিযোগিতার মেমোরিয়াল রাউন্ডেও সাফল্য দেখিয়েছে দলটি।

মেমোরিয়াল রাউন্ডে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পঞ্চম স্থান অর্জন করে। অন্যদিকে চূড়ান্ত পর্বে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের কাছে পরাজিত হয়ে প্রতিযোগিতায় রানারআপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন

×