ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে, টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ

আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে, টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ
×
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ | ২১:১৭

টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট নিয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে ‘জিএসজি গ্লোবাল ডে ২০২৬’। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স (জিএসজি) বিভাগ আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল উদ্বোধনী পর্ব, জার্নালের বিশেষ সংখ্যা প্রকাশ, ‘ঢাকা ২০৩০’ শীর্ষক গোলটেবিল নীতি সংলাপ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

জাতিসংঘ দিবসের চেতনা ও অগ্রাধিকারের সঙ্গে সংগতি রেখে প্রতিবছর জিএসজি বিভাগ এ আয়োজন করে থাকে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)।

সকালে আইইউবি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শামা ওবায়েদ বলেন, আমরা আমাদের অঙ্গীকারকে জাতীয় পর্যায়ে বাস্তব উদ্যোগে রূপ দিচ্ছি। সরকারের ৩১ দফা কর্মসূচির সঙ্গে ২০৩০ সালের উন্নয়ন এজেন্ডার ঘনিষ্ঠ সামঞ্জস্য রয়েছে। এ কর্মসূচির ৭৩ শতাংশ কার্যক্রম এসডিজির সঙ্গে প্রত্যক্ষভাবে এবং ২৭ শতাংশ পরোক্ষভাবে সম্পর্কিত। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সবুজ দেশ ও পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। টেকসই ও সবুজ ভবিষ্যৎ গড়তে খাল খনন, বৃক্ষরোপণ, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন ড. কে আয়াজ রাব্বানী। স্বাগত বক্তব্য দেন জিএসজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. শাহনেওয়াজ হোসেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জার্নাল অব ইন্টারন্যাশনাল রিলেশনস’ (জেআইআর)-এর এসডিজিবিষয়ক একটি বিশেষ সম্পূরক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। এ পর্বে বক্তব্য দেন জার্নাল কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ উজ জামান এবং আইইউবির জিএসজি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান, সেন্টার ফর সোশ্যাল সায়েন্স রিসার্চের (সিএসএসআর) পরিচালক ও জার্নালের অতিথি সম্পাদক অধ্যাপক ড. ইমতিয়াজ এ হুসেইন। এ প্রকাশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও আইইউবির শিক্ষকদের প্রবন্ধ স্থান পেয়েছে। সকালের অধিবেশনে সমাপনী বক্তব্য দেন আইইউবির সহ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড।

বিকেলে আইইউবির মাল্টিপারপাস হলে ‘ঢাকা ২০৩০: বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু অভিঘাতসহনশীল নগরীর পরিচালনব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল নীতি সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ঢাকার অধিকাংশ এলাকায় আবাসিক ও বাণিজ্যিক কার্যক্রম একসঙ্গে চলে। এ দুই ধরনের এলাকার মধ্যে সুস্পষ্ট বিভাজন নেই। সবাই ফুটপাত দখলমুক্ত দেখতে চান। তবে হকাররা দেশের অনানুষ্ঠানিক অর্থনীতিতে অবদান রাখছেন। তাই তাদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা না করে ফুটপাত থেকে উচ্ছেদ করা হলে সমস্যার টেকসই সমাধান হবে না।

দিনব্যাপী আয়োজনে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর সংকট, মারাত্মক দূষণের শিকার নদীগুলোর পরিবেশগত সংকট এবং নগর পরিবেশের ওপর ক্রমবর্ধমান চাপ নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে কূটনীতিক, জাতিসংঘের প্রতিনিধি, শিক্ষাবিদ, নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, গবেষণা ও নীতি বিশ্লেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শেষ পর্বে আইইউবি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাব ‘গ্লোবাল গেটকিপার্স’-এর পরিবেশনায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×