ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি

পর্ব-১

বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি
×
×

ছবিটি জেমিনি এআই দিয়ে তৈরি

 এম. এ. মান্নান

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ | ১১:০৯ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ | ১১:০৯

খুব শিগগিরই ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কেবল সার্কুলার বা পরীক্ষার তারিখের অপেক্ষায় বসে থাকলে অন্যদের চেয়ে পিছিয়ে পড়ার ঝুঁকি থাকে। তাই হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই–সফল হতে হলে এখন থেকেই পুরোদমে প্রস্তুতি চালিয়ে যেতে হবে। বিসিএস একটি দীর্ঘমেয়াদি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা। এ পরীক্ষায় সফল হতে হলে প্রয়োজন ধৈর্য, নিয়মিত অনুশীলন, সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাস। বিসিএসে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার প্রথম ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষা। তাই শুরু থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়া জরুরি।

প্রথমেই বিসিএস প্রিলিমিনারির পূর্ণাঙ্গ সিলেবাস ভালোভাবে দেখে নিন। এরপর বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে নিজের শক্তিশালী ও দুর্বল বিষয়গুলো চিহ্নিত করুন। কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন এসেছে, কোন বিষয় থেকে বারবার প্রশ্ন করা হয়েছে– এসব বিষয় খেয়াল করে প্রস্তুতির পরিকল্পনা সাজান। সিলেবাসের অনেক বিষয় আপনার আগে থেকেই জানা থাকতে পারে। আবার কিছু বিষয় তুলনামূলক নতুন মনে হতে পারে। এ পর্যায়ে নতুন অধ্যায় নিয়ে অতিরিক্ত সময় ব্যয় না করে গুরুত্বপূর্ণ ও বেশি প্রশ্ন আসার প্রবণতা রয়েছে–এমন বিষয়গুলোতে গুরুত্ব দিন। মনে রাখবেন, পরিকল্পিত প্রস্তুতি ও নিয়মিত অনুশীলনই প্রতিযোগিতায় আপনাকে এগিয়ে রাখতে পারে। আজকের আলোচনায় থাকছে বিসিএস প্রিলিমিনারির ইংরেজি বিষয়ে কার্যকর প্রস্তুতির কৌশল।

ইংরেজি ব্যাকরণ

ইংরেজি ব্যাকরণে ভালো নম্বর পেতে হলে Parts of Speech বা পদ পরিচয়ের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition ও Conjunction শনাক্তকরণ থেকে প্রায়ই প্রশ্ন আসে। পাশাপাশি Gerund, Participle এবং Parts of Speech-এর রূপান্তর—যেমন Noun থেকে Adjective কিংবা Adjective থেকে Adverb– নিয়মিত অনুশীলন করুন। এসব বিষয়ে ভালো ধারণা থাকলে ব্যাকরণ অংশের বেশ কিছু প্রশ্ন সহজেই সমাধান করা সম্ভব।

ভোকাবুলারি বা শব্দভান্ডার ইংরেজি অংশের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। Synonym, Antonym, One Word Substitution, Idiom and Phrase, Group Verb এবং Correct Spelling থেকে প্রায় প্রতিবছরই প্রশ্ন থাকে। প্রস্তুতির জন্য বিগত বিসিএস ও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসা শব্দগুলো বারবার পড়ুন। পাশাপাশি নতুন শেখা শব্দ দিয়ে বাক্য তৈরির অভ্যাস গড়ে তুলুন। এতে শব্দের অর্থ ও ব্যবহার দীর্ঘদিন মনে থাকবে। Grammar Rules বা ব্যাকরণের নিয়ম থেকেও নিয়মিত প্রশ্ন আসে। বিশেষ করে Right Form of Verb, Voice, Narration, Transformation of Sentences এবং Conditional Sentences ভালোভাবে অনুশীলন করতে হবে। এসব বিষয়ের ভিত্তি মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ইংরেজি ব্যাকরণে নিহিত। তাই মৌলিক ধারণা পরিষ্কার থাকলে এ অংশে ভালো করার সুযোগ তৈরি হবে। এ ছাড়া Article, Degree, Tag Question ও Parallelism থেকেও প্রশ্ন আসতে পারে। সরাসরি প্রশ্নের পাশাপাশি Pinpoint Error বা Error Detection ধরনের প্রশ্ন সমাধানেও এসব বিষয়ের জ্ঞান কাজে লাগে। তাই এগুলোও নিয়মিত রিভিশনের তালিকায় রাখুন।

ইংরেজি সাহিত্য

অনেক পরীক্ষার্থীর কাছেই ইংরেজি সাহিত্য তুলনামূলক কঠিন মনে হয়। তবে সঠিক কৌশলে প্রস্তুতি নিলে এ অংশ থেকেও ভালো নম্বর পাওয়া সম্ভব। প্রথমেই বিগত বিসিএস ও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসা সাহিত্যবিষয়ক প্রশ্নগুলো ভালোভাবে পড়ুন। এতে গুরুত্বপূর্ণ লেখক, সাহিত্যকর্ম ও সাহিত্যধারা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ইংরেজি সাহিত্যের যুগভিত্তিক বিভাজন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা জরুরি। বিশেষ করে Elizabethan, Romantic, Victorian এবং Modern Age থেকে তুলনামূলক বেশি প্রশ্ন আসতে দেখা যায়। তাই এসব যুগের বৈশিষ্ট্য, প্রধান সাহিত্যিক এবং তাদের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সম্পর্কে ভালোভাবে জেনে নিন।

উইলিয়াম শেকসপিয়রের সাহিত্যকর্মের ওপর বিশেষ গুরুত্ব দিন। তাঁর বিখ্যাত নাটক, ট্র্যাজেডি, কমেডি, গুরুত্বপূর্ণ চরিত্র ও উল্লেখযোগ্য উক্তি সম্পর্কে ধারণা রাখুন। বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাঁর সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসতে দেখা যায়।

এ ছাড়া Literary Terms, বিখ্যাত লেখকদের ছদ্মনাম ও উপাধি, উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, সাহিত্যবিষয়ক পুরস্কার, বিভিন্ন দেশের জাতীয় কবি এবং সাহিত্যিকদের দেশ-পরিচয় সম্পর্কে পড়াশোনা করুন। এসব বিষয় থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে।

নিয়মিত ইংরেজি সংবাদপত্র পড়ার অভ্যাস

শেষ মুহূর্তের প্রস্তুতিতেও প্রতিদিন অন্তত তিন থেকে চারটি ইংরেজি সংবাদ পড়ার চেষ্টা করুন। বিশেষ করে সম্পাদকীয়, আন্তর্জাতিক সংবাদ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর এবং প্রথম পাতার আলোচিত প্রতিবেদন পড়ুন। এতে ইংরেজি ভাষা বোঝার দক্ষতা বাড়বে এবং সমসাময়িক বিষয় সম্পর্কেও ধারণা তৈরি হবে। পড়ার সময় নতুন শব্দগুলো আলাদা করে নোট করুন এবং নিয়মিত সেগুলো ঝালিয়ে নিন। এতে Reading Comprehension, Translation ও Composition-এর মতো বিষয়েও সুবিধা হবে। পাশাপাশি সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে ধারণা তৈরি হওয়ায় প্রস্তুতির অন্যান্য ক্ষেত্রেও তা কাজে লাগবে।

শব্দভান্ডার সমৃদ্ধ করুন

ইংরেজিতে ভালো করার জন্য সমৃদ্ধ শব্দভান্ডারের বিকল্প নেই। প্রতিদিন অন্তত ১০টি নতুন শব্দ শেখার চেষ্টা করুন। শুধু শব্দের অর্থ মুখস্থ না করে প্রতিটি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করুন। এতে শব্দের যথাযথ ব্যবহার শেখা সহজ হবে এবং দীর্ঘদিন মনে থাকবে।

(বাকি অংশ পরবর্তী সংখ্যায়)

[লেখক: বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা]

আরও পড়ুন

×