ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আইসিটি ভীতি দূরীকরণ: ব্যর্থতা থেকে উত্তরণের রোডম্যাপ

আইসিটি ভীতি দূরীকরণ: ব্যর্থতা থেকে উত্তরণের রোডম্যাপ
×
×

নুর জালাল খান শাহনুর, সহকারী পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল, সিলেট

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ১৫:৩০ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ | ১৫:৩৪

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে আইসিটি বিষয়ে এক লাখ ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার পরিসংখ্যান আমাদের শিক্ষাব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ডিজিটাল প্রযুক্তিনির্ভর বিশ্বে যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জ্ঞান অপরিহার্য হয়ে উঠেছে, তখন এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর এই বিষয়ে ব্যর্থতা নিঃসন্দেহে উদ্বেগজনক। বিষয়টি কেবল শিক্ষার্থীদের অমনোযোগিতা, অনীহা কিংবা প্রস্তুতির ঘাটতি দিয়ে ব্যাখ্যা করলে চলবে না। বরং এর পেছনে পাঠ্যক্রমের জটিলতা, বিষয়ভিত্তিক শিক্ষকের প্রস্তুতি, পাঠদান পদ্ধতি, ব্যবহারিক শিক্ষার সুযোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ– সবকিছুই বিশ্লেষণ করা প্রয়োজন।

প্রশ্ন হচ্ছে, আইসিটি কি সত্যিই এত কঠিন বিষয়, নাকি আমাদের শিক্ষার্থীদের কাছে বিষয়টি সহজভাবে উপস্থাপন করার ক্ষেত্রে কোথাও ঘাটতি থেকে যাচ্ছে?

এসএসসি থেকে এইচএসসি– পরিচিতি থেকে গভীরতর জ্ঞান: আইসিটি বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতার অন্যতম কারণ হতে পারে এসএসসি ও এইচএসসি পর্যায়ের পাঠ্যবিষয়গত পার্থক্য। এসএসসি পর্যায়ে আইসিটি মূলত শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত করে এবং কম্পিউটার ও প্রযুক্তির মৌলিক ধারণা প্রদান করে। কিন্তু এইচএসসি পর্যায়ে বিষয়টি আরও গভীর, বিশ্লেষণধর্মী ও প্রযুক্তিগত রূপ লাভ করে।

এইচএসসি আইসিটিতে শিক্ষার্থীদের শুধু প্রযুক্তি সম্পর্কে জানা নয়, বরং প্রযুক্তির অন্তর্নিহিত কার্যপ্রণালি বোঝার প্রয়োজন হয়। এখানে প্রোগ্রামিং, কোডিং, লজিক, ডেটাবেজ ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ফলে এসএসসি পর্যায়ে অর্জিত প্রাথমিক জ্ঞান এইচএসসিতে সহায়ক হলেও ভালো ফলের জন্য তা যথেষ্ট নয়।

বিশেষ করে সি প্রোগ্রামিংয়ের মতো বিষয় মুখস্থনির্ভর পদ্ধতিতে শেখা সম্ভব নয়। এখানে প্রয়োজন যৌক্তিক চিন্তাশক্তি, সমস্যা বিশ্লেষণ, কোড লেখার অনুশীলন এবং ভুল শনাক্ত করে সংশোধনের দক্ষতা। শিক্ষার্থীরা যদি শুরুতেই এসব বিষয়ে যথাযথ ধারণা না পায়, তাহলে পরবর্তী অধ্যায়গুলো তাদের কাছে আরও দুর্বোধ্য হয়ে ওঠে। এভাবেই একসময় আইসিটি বিষয়ে এক ধরনের ভীতি তৈরি হয়।

বিষয় শিক্ষকের যোগ্যতা ও পাঠদানের সক্ষমতা আলোচনার দাবি রাখে : আইসিটি বিষয়ে শিক্ষার্থীদের ফল বিশ্লেষণের ক্ষেত্রে শিক্ষকের একাডেমিক প্রস্তুতি ও পাঠদান সক্ষমতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। কারণ এইচএসসি পর্যায়ের আইসিটি পাঠ্যক্রম শুধু কম্পিউটার পরিচালনা বা সাধারণ প্রযুক্তিগত জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়। এতে রয়েছে সি প্রোগ্রামিং (C Programming), ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS), এইচটিএমএল ও ওয়েব ডিজাইন (HTML), সংখ্যা পদ্ধতি, লজিক গেট এবং ডিজিটাল ডিভাইসের মতো তাত্ত্বিক ও প্রয়োগভিত্তিক বিষয়।
এখানে একটি মৌলিক পার্থক্য বোঝা জরুরি, প্রযুক্তিগত কাজে দক্ষতা অর্জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের একটি পূর্ণাঙ্গ একাডেমিক বিষয় পড়ানোর সক্ষমতা এক নয়। ছয় বা ১২ মাসের ডিপ্লোমা কিংবা স্বল্পমেয়াদি প্রশিক্ষণ একজন ব্যক্তিকে গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং বা নেটওয়ার্কিংয়ের মতো নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষ করে তুলতে পারে। এসব প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু শুধু এ ধরনের প্রশিক্ষণ দিয়ে এইচএসসি আইসিটির সম্পূর্ণ তাত্ত্বিক ও একাডেমিক পাঠ্যক্রম পড়ানোর সক্ষমতা নিশ্চিত হয়েছে– এমনটি ধরে নেওয়া যুক্তিসংগত নয়।

অবশ্যই কোনো নির্দিষ্ট ডিগ্রিকে একমাত্র যোগ্যতার মাপকাঠি হিসেবে দেখার সুযোগ নেই। বরং আইসিটি শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে একাডেমিক জ্ঞান, প্রোগ্রামিং ও প্রযুক্তিগত দক্ষতা, ব্যবহারিক অভিজ্ঞতা এবং শিক্ষার্থীদের বোধগম্য করে বিষয় উপস্থাপনের সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), তথ্যপ্রযুক্তি (IT) বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর একাডেমিক যোগ্যতাসম্পন্ন এবং অভিজ্ঞ শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
একই সঙ্গে বর্তমানে কর্মরত শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে হবে। কারণ একজন শিক্ষক যত ভালো প্রযুক্তিগত জ্ঞানই রাখুন না কেন, সেই জ্ঞান শিক্ষার্থীদের উপযোগী করে উপস্থাপন করতে না পারলে কাঙ্ক্ষিত শিখনফল অর্জন সম্ভব নয়।

মুখস্থনির্ভর পাঠদান নয়, প্রয়োজন হাতে-কলমে শিক্ষা : আইসিটি এমন একটি বিষয়, যার অধিকাংশ গুরুত্বপূর্ণ ধারণা অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে হয়। অথচ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি পাঠদান এখনও পাঠ্যবইয়ের সংজ্ঞা, তাত্ত্বিক আলোচনা ও পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তরের মধ্যে সীমাবদ্ধ থাকে। ফলে শিক্ষার্থীরা পরীক্ষার আগে কিছু তথ্য মুখস্থ করলেও বিষয়টির প্রকৃত ধারণা অর্জন করতে পারে না।
উদাহরণ হিসেবে বলা যায়, প্রোগ্রামিংয়ের নিয়ম মুখস্থ করার চেয়ে কম্পিউটারে নিজ হাতে কোড লেখা অনেক বেশি কার্যকর। একইভাবে লজিক গেট, সংখ্যা পদ্ধতি কিংবা ডেটাবেজের বিষয়গুলো বাস্তব উদাহরণ, চিত্র ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শেখালে শিক্ষার্থীদের কাছে সহজ হয়ে ওঠে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর কম্পিউটার ল্যাব, প্রয়োজনীয় যন্ত্রপাতি, সফটওয়্যার এবং নিয়মিত ব্যবহারিক ক্লাস নিশ্চিত করা জরুরি। শুধু ল্যাব স্থাপন করলেই দায়িত্ব শেষ হয় না; ল্যাবের কার্যকর ব্যবহার ও ব্যবহারিক পাঠদানের মানও নিয়মিত তদারক করতে হবে।

ব্যর্থতা থেকে উত্তরণের রোডম্যাপ : আইসিটি বিষয়ে শিক্ষার্থীদের ফল উন্নয়নে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি– উভয় ধরনের উদ্যোগ প্রয়োজন।
প্রথমত, বিষয়ভিত্তিক শিক্ষক নিশ্চিত করতে হবে। আইসিটি পাঠদানের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পর্যাপ্ত একাডেমিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও পাঠদান অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক নির্বাচন এবং বিদ্যমান শিক্ষকদের দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

দ্বিতীয়ত, শিক্ষক প্রশিক্ষণে গুণগত পরিবর্তন আনতে হবে। সাধারণ কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি সি প্রোগ্রামিং, লজিক গেট, সংখ্যা পদ্ধতি, ডেটাবেজ ও ওয়েব ডিজাইনের মতো বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ শেষে শিক্ষকদের অর্জিত দক্ষতা যাচাইয়ের ব্যবস্থাও থাকা প্রয়োজন।

তৃতীয়ত, ব্যবহারিক শিক্ষাকে বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি ল্যাবের পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত হাতে-কলমে ক্লাস গ্রহণ করতে হবে।

চতুর্থত, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা দিতে হবে। নিয়মিত শ্রেণি মূল্যায়নের মাধ্যমে কোন শিক্ষার্থী কোন অধ্যায়ে দুর্বল, তা চিহ্নিত করে অতিরিক্ত ক্লাস, অধ্যায়ভিত্তিক অনুশীলন এবং মডেল টেস্টের ব্যবস্থা করা যেতে পারে।

পঞ্চমত, পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে সমস্যা সমাধান, যৌক্তিক চিন্তা, ব্যবহারিক প্রয়োগ ও সৃজনশীলতার ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের ভুল করার সুযোগ দিতে হবে এবং সেই ভুল থেকে শেখার পরিবেশ তৈরি করতে হবে।

ষষ্ঠত, প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণ করতে হবে। কোন শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি বিষয়ে অকৃতকার্যতার হার বেশি, কোন অধ্যায়ে শিক্ষার্থীদের দুর্বলতা বেশি এবং এর পেছনে কী কী কারণ রয়েছে– তা তথ্য-উপাত্তের ভিত্তিতে বিশ্লেষণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও বিষয় শিক্ষকদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সপ্তমত, এসএসসি ও এইচএসসি পর্যায়ের মধ্যে শিক্ষণগত সংযোগ তৈরি করতে হবে। এসএসসি পর্যায়ে অর্জিত মৌলিক জ্ঞানের ওপর ভিত্তি করে এইচএসসি পর্যায়ের জটিল বিষয়গুলো ধাপে ধাপে শেখানোর ব্যবস্থা করা হলে শিক্ষার্থীদের প্রাথমিক দুর্বলতা অনেকাংশে কমানো সম্ভব।

দায় আরোপ নয়, প্রয়োজন আত্মসমালোচনা ও কার্যকর উদ্যোগ : ২০২৬ সালের পরীক্ষায় আইসিটি বিষয়ে এক লাখ ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি আমাদের সামনে একটি বড় প্রশ্ন তুলে ধরেছে। এই ব্যর্থতার দায় শুধু শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিয়ে কিংবা শিক্ষকদের দায়ী করে সমস্যার সমাধান হবে না। বরং শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠ্যক্রম প্রণয়নকারী কর্তৃপক্ষ এবং শিক্ষা প্রশাসন– সবার দায়িত্ব ও ভূমিকা নতুন করে পর্যালোচনা করতে হবে।
আমাদের মনে রাখতে হবে, আইসিটি শুধু একটি পরীক্ষার বিষয় নয়; এটি ভবিষ্যৎ কর্মসংস্থান, উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি। তাই এ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে ভীতি নয়, আত্মবিশ্বাস তৈরি করতে হবে।
ব্যর্থতার পরিসংখ্যান নিয়ে হতাশ হওয়ার চেয়ে ব্যর্থতার কারণ অনুসন্ধান এবং তা থেকে উত্তরণের কার্যকর রোডম্যাপ তৈরি করাই এখন সময়ের দাবি। আইসিটি শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করে দক্ষতাভিত্তিক, প্রয়োগমুখী ও আনন্দদায়ক শিক্ষায় রূপান্তর করতে পারলে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করবে না, বরং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবেও গড়ে তুলতে পারবে।

আইসিটি ভীতি দূর করতে হলে প্রথমে আমাদের আইসিটি শিক্ষার ভিত মজবুত করতে হবে। কারণ দক্ষ শিক্ষক, কার্যকর পাঠদান এবং ব্যবহারিক শিক্ষার সমন্বয়ই পারে ব্যর্থতার বর্তমান চিত্র বদলে দিতে।

 

 

আরও পড়ুন

×