আব্দুল গাফফার চৌধুরীর মেয়ে বিনীতা চৌধুরী মারা গেছেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২ | ১২:২৬ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ | ১৩:২০
প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চোধুরীর ছোট মেয়ে বিনীতা চৌধুরী (৪৯) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার স্থানীয় সময় বিকাল ৪টায় লন্ডনের ইউসিএল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি মারা যান।
আব্দুল গাফফার চৌধুরীর ৪ মেয়ে ও ১ ছেলের মধ্যে বিনীতা সবার ছোট ছিলেন। বিনীতা একজন সিনিয়র ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে নামী-দামী কোম্পানিতে কাজ করতেন। তিনি আব্দুল গাফফার চৌধুরীর সঙ্গেই থাকতেন।
যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল খান বলেন, ‘বিনীতা বিগত কয়েক মাস ধরে ক্যান্সারে ভুগছিলেন।’
তিনি আরও জানান, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৫ মাস ধরে শয্যাশায়ী আব্দুল গাফফার চৌধুরী বর্তমানে কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মেয়ের মৃত্যুর খবরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
এদিকে বিনীতা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
