আতিকের পথসভায় ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
সংঘর্ষের সময় চেয়ার ছোড়াছুড়ি ঘটনার ঘটে -টিভি থেকে নেওয়া ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০৬:০৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ০৬:০৯
ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের পথসভায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে গুলশানের শহীদ ফজলে রাব্বি পার্কের ভেতরে আয়োজিত আতিকুল ইসলামের আতিকের নির্বাচনী পথসভার মধ্যে এ ঘটনা ঘটে।
ঢাকা উত্তরের ২০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. নাসির ও দলটির বিদ্রোহী প্রার্থী মো. জাহিদুর রহমানের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় সমাবেশস্থলের চেয়ার ভাঙচুর হয়।
গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদে প্রার্থী ঘোষণার দিন ২০ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমানকে সমর্থন দেওয়া হয়েছিল। এরপর এ ওয়ার্ডে তাকে বাদ দিয়ে সমর্থন দেওয়া হয় গত মেয়াদের কাউন্সিলর মো. নাসিরকে। পার্কের ভেতরে আতিকুল ইসলামের পথসভায় চলছিল। এ সময় সেখানে মো. জাহিদুর রহমান ওরফে দুলাল তার কর্মী ও সমর্থকদের নিয়ে সেখানে আসেন। এর পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মো. নাছিরের কর্মী-সমর্থক ও জাহিদুর রহমানের কর্মী-সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয় শুরু হয়। পরে বেশ কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়া এবং চেয়ার ছোড়াছুড়ি চলে। এসময় কেয়েকজনকে বেদম লাঠিপেটা করতেও দেখা যায়। মারামারির মধ্যে পণ্ড হয়ে যায় মেয়রপ্রার্থী আতিকের প্রচারসভা। কর্মীরা তাকে ঘিরে ধরে পার্ক থেকে বের করে নিয়ে যান।
আতিকুল ইসলাম মহাখালী দক্ষিণপাড়া সংক্রামক ব্যাধি হাসপাতালে সামনে যান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘পার্কের ভেতর কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। এগুলো জনগণ ভালোভাবে নেবে না, আমিও এটাকে ভালোভাবে নেব না। সবাই যদি সুন্দরভাবে থাকি, তাহলে কিন্তু সবাই এটাকে ভালো বলবে। আমি আশা করি, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছি। তারা ব্যবস্থা নেবেন।’
