ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দক্ষিণখানে ভাইয়ের পিটুনিতে ভাই খুন

দক্ষিণখানে ভাইয়ের পিটুনিতে ভাই খুন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০৯:০৯

রাজধানীর দক্ষিণখানে চাচাতো ভাইয়ের পিটুনিতে আবুল কালাম আজাদ লিটন (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গত রোববার আহত হওয়ার পর তাকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। 

বুধবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।

দক্ষিণখান থানার ওসি সিকদার মো. শামীম হোসেন বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে দক্ষিণখানের কাওলা বেপারী বাড়ি এলাকায় লিটনকে লাঠি দিয়ে পেটায় তার চাচাতো ভাই। এতে লিটন গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রের দাবি, নিহত লিটন এলাকার বর্তমান ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাইমের দূর সম্পর্কের ভাই। তবে তিনি ও তার ভাইয়েরা এবার অন্য এক কাউন্সিলর পদপ্রার্থীকে সমর্থন দিয়েছেন। এ নিয়ে বিরোধের জেরে লিটনকে পেটানো হয়। পুলিশ এ দাবি অস্বীকার করেছে।

দক্ষিণখান থানার ওসি আরও বলেন, নির্বাচন-সংক্রান্ত কোনো ঘটনার সঙ্গে লিটনের মৃত্যুর সম্পর্ক নেই। জমি-সংক্রান্ত বিরোধেই মারামারির ঘটনা ঘটে। এরপর সাতজনকে আসামি করে একটি মামলা হয়। অভিযুক্ত দু'জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এখন ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

আরও পড়ুন

×