সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা মোকাবিলা কঠিন: ফায়ার সার্ভিস
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ১১:০২
অগ্নিকাণ্ডে উদ্ধার সচেতনতার জন্য প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ৪ নম্বর ভবনে 'অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া' চালিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সহযোগিতায় এই মহড়া চালানো হয়। তবে সচিবালয়ের প্রবেশ গেট ছোট হওয়ায় ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা মোকাবিলা করা কঠিন হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিন মহড়া চলাকালে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ার, মো. মোয়াজ্জেম হোসেন, রওশন আরা বেগম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, উপসচিব জাহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন, ঢাকা দপ্তরের সহকারী পরিচালক ছালেহ উদ্দিন প্রমুখ।
ছালেহ উদ্দিন মহড়া শেষে সাংবাদিকদের বলেন, সচিবালয়ে কোনো অগ্নিদুর্ঘটনা ঘটলে তা মোকাবিলা করা কঠিন হবে। কারণ, সচিবালয়ের প্রবেশ গেটগুলো খুবই ছোট, এসব গেট দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে প্রবেশ করা যায় না। ফলে যেসব গাড়ি নিয়ে আসা হয়েছিল, সেগুলোর অধিকাংশই সচিবালয়ে প্রবেশ করতে পারেনি। মহড়া পরিচালনার জন্য যেসব বড় গাড়ি আনা হয়েছিল, সেগুলো সচিবালয়ের বাইরেই রাখতে হয়েছে। সচিবালয়ের ভেতরে যেখানে চারশ' গাড়ি পার্কিং রাখার জায়গা রয়েছে, সেখানে ১২শ' গাড়ি পার্ক করা হয়। তাই যদি পিক আওয়ারে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে ফায়ার সার্ভিসের কোনো গাড়ি সঠিকভাবে সচিবালয়ে প্রবেশ করতে পারবে না।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিগগির সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি।
